আরএমপি পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তর পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
আজ রোববার সকালে ৩ দিনের সফরে রাজশাহী পৌঁছান তিনি। বেলা সাড়ে ১১টায় আরএমপি সদর দপ্তরে পৌঁছালে আরএমপি কমিশনার মো. আবু কালাম সিদ্দিক তাকে অভ্যর্থনা জানান।
পরে কমিশনারের সম্মেলন কক্ষে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রোববার সভা শেষে আরএমপির বিভিন্ন কাযক্রমের ওপর ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। ডকুমেন্টারিতে সাইবার ক্রাইম ইউনিট, হ্যালো আরএমপি অ্যাপ, অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার, কিশোর গ্যাংয়ের ডিজিটাল ডাটাবেজ ও সিআরটিসহ আরএমপির বিভিন্ন কার্যক্রম রাষ্ট্রদূতের সামনে তুলে ধরা হয়।
রাষ্ট্রদূত পিটার হাস ভিকটিম সাপোর্ট সেন্টারে কর্মরত নারী পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং ভিকটিম সাপোর্ট সেন্টারের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন।
দুপুর ১টায় আরএমপি পুলিশ লাইন্সে আরএমপির ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি) এবং বোম ডিস্পোজাল টিমের বিভিন্ন কার্যক্রম ও উপকরণ পরিদর্শন করেন।
পরে দুপুর দেড়টায় তিনি আরএমপির সাইবার ক্রাইম ইউনিট ও অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার পরিদর্শন করেন। তিনি এই ইউনিটের সদস্যদের "ইনভেস্টিগেটিং দ্য ডার্ক ওয়েব" ট্রেনিংয়ের সনদ বিতরণ করেন।
জঙ্গিবাদ দমনসহ সাহসিকতাপূর্ণ অভিযানের জন্য রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) গঠন করেছে ক্রাইসিস রেসপন্স টিম (সিআরটি)। ৩৩ সদস্য নিয়ে এ টিম গড়ে তোলা হয়েছে। যেকোনো সংকটময় পরিস্থিতিতে সাহসিকতা নিয়ে অভিযান পরিচালনা ছাড়াও জঙ্গিবাদ দমন ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান পরিচালনার জন্য মাঠে কাজ করে আসছে সিআরটি। ইতোমধ্যে আরএমপি সিআরটি আমেরিকান দূতাবাসের তত্ত্বাবধানে জর্ডান থেকে উন্নত প্রশিক্ষণ গ্রহণ করেছে।
৩ দিনের সফরে মার্কিন রাষ্ট্রদূত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষা অধিবেশনে যোগ দেবেন এবং সোমবার রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাৎ করবেন।
পরদিন তিনি বানেশ্বরের আমের বাজার ও সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমি পরিদর্শন করবেন।