আরও ১০০ উপজেলার শতভাগ বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতার আওতায় আসবে
নতুন অর্থবছরে দেশের আরও ১০০ উপজেলার শতভাগ বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ভাতা পাবেন।
তবে চলতি অর্থবছরের মতো আগামী অর্থবছরেও সামাজিক নিরাপত্তা খাতে নতুন কোনো কর্মসূচিতে অর্থের পরিমাণ বাড়বে না।
রোববার সামাজিক নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক অর্থ মন্ত্রনালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর এসব সিদ্ধান্ত চূড়ান্ত হবে বলে উল্লেখ করেন তিনি।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামালের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
২০২০ সালে দেশে করোনা সংক্রমণ শুরু হলে সরকার প্রণোদনা কর্মসূচি হাতে নেয়। কর্মসূচির আওতায় ১৫০টি উপজেলার শতভাগ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতার আওতায় আসেন।
চলতি অর্থবছরে এ কর্মসূচি আরও ১১২টি উপজেলায় বর্ধিত করা হয়।
আগামী অর্থবছরে এই কর্মসূচির আওতায় আরও ১০০টি উপজেলা যোগ হবে।
অর্থাৎ এ কর্মসূচির আওতায় মোট ৩৬২টি উপজেলার শতভাগ দরিদ্র সরকারের সহায়তা পাবেন।
অর্থ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, নতুন ১০০ উপজেলার শতভাগ দরিদ্রকে কর্মসূচির আওতায় আনতে অতিরিক্ত ৫৫০ কোটি টাকা লাগবে।