আশুলিয়ায় মানববন্ধন থেকে তিতাসের কার্যালয় ঘেরাওয়ের হুমকি
রাজধানীর অদূরে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে তীব্র গ্যাস-সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শ্রমিকরা। সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়া না হলে গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠান তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আঞ্চলিক কার্যালয় ঘেরাওয়ের হুমকি দিয়েছেন তারা।
আজ শুক্রবার সকাল ১১ টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে অংশ নেওয়া শ্রমিক নেতাদের ভাষ্য, তীব্র গ্যাস-সংকটের কারণে অসহায় হয়ে পড়েছেন এই শিল্পাঞ্চলে বসবাসরত লাখ লাখ শ্রমিক। সারাদিন কাজ শেষে তারা বাসায় ফিরে দেখতে পান যে গ্যাস নেই। এ অবস্থায় হোটেল থেকে খাবার কিনে নিয়ে আসা ছাড়া তাদের অন্য কোনো উপায় থাকে না।
গার্মেন্টস শ্রমিকৈঐক্য লীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সারোয়ার হোসেন বলেন, 'এই মানববন্ধন সরকারের বিপক্ষে নয়। আমরা দাঁড়িয়েছি আমাদের অধিকার নিয়ে। আমরা জানতে পেরেছি, তিতাস গ্যাসের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে এই এলাকায় অবৈধ গ্যাসের সংযোগ দেওয়া হয়। এই অবৈধ গ্যাস সংযোগের কারনেই গ্যাস সরবরাহের ক্ষেত্রে সংকট দেখা দিয়েছে। যদি অচিরেই এই সংকট নিরসন করা না হয়, তাহলে আমরা এলাকাবাসী ও শ্রমিকদের নিয়ে তিতাস গ্যাসের কার্যালয় ঘেরাও করতে বাধ্য হবো।'
ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাভার-আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি ইমন শিকদার বলেন, 'সাভার-আশুলিয়া এলাকার শ্রমিকরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন। অথচ এখানকার শ্রমিক কলোনিসহ পুরো এলাকায় লম্বা সময় ধরে গ্যাসের সংকট চলছে। এটা অত্যান্ত অমানবিক। আমরা এই সমস্যা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি করছি।'
মানববন্ধনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাভার, আশুলিয়া ও ধামরাই এলাকার আঞ্চলিক কমিটির সভাপতি মো. ইব্রাহিম, স্বাধীন বাংলা গার্মেন্টস কর্মচারি ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আল-কামরান, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের আশুলিয়া অঞ্চলের সভাপতি সুলতান মাহমুদ, প্রমুখ।