ইউক্রেন পরিস্থিতি নিয়ে বাংলাদেশের গভীর উদ্বেগ
ইউক্রেনে সহিংসতা বৃদ্ধির ঘটনায় বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে এ কথা জানায় মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, `এই ধরনের সহিংসতা সমগ্র অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে গুরুতরভাবে প্রভাবিত করবে। তাই আমরা সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন, শত্রুতা বন্ধ করা এবং কূটনীতি ও সংলাপে ফিরে আসার মাধ্যমে এই সংকট সমাধানের চেষ্টা করার আহ্বান জানাই।'
ঢাকা ইউক্রেনে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে এবং প্রয়োজনে পোল্যান্ডে চলে যেতে বলেছে উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, `পররাষ্ট্র মন্ত্রণালয় পোল্যান্ডে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিবিড় সমন্বয় বজায় রেখেছে।'
এতে আরও বলা হয়, `আমরা সেখানে আটকে পড়া বাংলাদেশিদের অবিলম্বে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছি। ফিরিয়ে আনার প্রক্রিয়ার সুষ্ঠু সমন্বয়ের জন্য ইতোমধ্যেই ওয়ারশতে বাংলাদেশ দূতাবাসকে অতিরিক্ত জনবল ও সম্পদ দিয়ে শক্তিশালী করা হয়েছে। সমস্ত কনস্যুলার সহায়তা বিনামূল্যে প্রসারিত করা হচ্ছে।'
'আমরা এই অঞ্চলের অর্থনীতিতে সংকটের সম্ভাব্য প্রভাব মূল্যায়ন এবং এর বাইরে এই অঞ্চলের অবনতিশীল পরিস্থিতি অনুসরণ করছি', পররাষ্ট্র মন্ত্রণালয় বলে।