ঈদযাত্রায় এবার বেশি মানুষ বাড়ি যাবেন: সড়ক পরিবহন সচিব
ঈদযাত্রায় এবার অন্যান্য বারের চেয়ে বেশি মানুষ বাড়ি যাবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব নজরুল ইসলাম।
তিনি বলেন, 'বিআরটি একটি চলমান প্রকল্প, আর চলমান প্রকল্পে কিছু সমস্যা থাকে। ঈদের প্রাক্কালে নির্মাণ কাজের জন্য যেন ট্রাফিক কনজেশন (যানজট) না হয়, এটাকে সহনীয় মাত্রায় রাখতে মন্ত্রী এবং সরকার জোর দিয়েছেন। যানজট প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রকল্প সংশ্লিষ্টদের জানানো হয়েছে। আগামী ২-১ দিনের মধ্যে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করা হবে।'
আজ শনিবার দুপুরে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিআরটি এবং নাওজোড় এলাকায় সাসেক প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ঈদে ত্রুটিপূর্ণ গাড়ি চলাচলের বিষয়ে সচিব বলেন, 'মহাসড়কে এসব গাড়ি চলাচল বন্ধে রুটিন ওয়ার্ক হিসেবে হাইওয়ে পুলিশ কাজ করছে।'
তিনি আরও বলেন, 'বিআরটিএ'র নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। তবে আশঙ্কার বিষয় হচ্ছে- পোশাক কারখানা একযোগে ছুটি হলে পোশাক শ্রমিকরা যেনতেনভাবে বাড়ি ফিরতে চান। সেক্ষেত্রে অসাধু তৎপরতা বাড়ে এবং লক্কড়-ঝক্কড় মার্কা ত্রুটিপূর্ণ গাড়ি রাস্তায় আনা হয়। পোশাক কারখানাগুলো ধাপে ধাপে ছুটি হলে এ সমস্যা থাকবে না।'