ঈদের দ্বিতীয় দিনের মধ্যেই কোরবানি শেষ করার আহ্বান তাপসের

স্টার অনলাইন রিপোর্ট

ঈদের দ্বিতীয় দিনের মধ্যেই কোরবানি শেষ করার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ শনিবার দুপুরে জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান ঈদ জামাত আয়োজনের প্রস্তুতিমূলক কার্যক্রম পরিদর্শন শেষে এই আহ্বান জানান তাপস।

ইসলাম ধর্মের বিধি অনুসারে ঈদের দিন ছাড়াও জিলহজ মাসের ১১ তারিখ (ঈদের দ্বিতীয় দিন) ও ১২ তারিখেও (ঈদের তৃতীয় দিন) পশু কোরবানি করা যায়। আর এই বিধানের আলোকে অনেকে ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনেও কোরবানির পশু জবাই করে থাকেন। ডিএসসিসির আওতাধীন আদি ঢাকার বাসিন্দাদের বেশ পুরোনো রেওয়াজ এটি।

মেয়র তাপস বলেন, 'আমরা লক্ষ্য করি যে, অনেকেই ঈদের তৃতীয় দিনে কোরবানির পশু জবাই করে থাকেন। আমরা বিনীতভাবে নিবেদন করছি, তৃতীয় দিনের অপেক্ষায় যাতে কেউ না থাকেন। ঈদের দ্বিতীয় দিনের মধ্যেই যেন সবাই কোরবানি সম্পন্ন করেন। কারণ বর্জ্য অপসারণে আমরা একটানা দীর্ঘ ৭২ ঘণ্টা কাজ করব। পরিচ্ছন্নতাকর্মীদেরও বিশ্রাম প্রয়োজন রয়েছে, ঈদের ছুটির প্রয়োজন রয়েছে।'

এ ছাড়া বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে বরাবরের মতো এবারও বিশাল কর্মযজ্ঞ গ্রহণ করা হয়েছে জানিয়ে মেয়র বলেন, 'শনিবার রাত ১১টা থেকে হাটের বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু হবে। রোববার দুপুর ২টা থেকে আমরা কোরবানির পশুর বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করব। আমরা আশাবাদী, পূর্বের ন্যায় এবারও সব বর্জ্য ২৪ ঘণ্টার মধ্যে অপসারণ করতে সক্ষম হব।'

জাতীয় ঈদগাহে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাতে অংশ নিতে পারবেন জানান তাপস। বলেন, প্রধান ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি শেষ হয়েছে।

এ সময় তিনি ঢাকাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানান ও স্বাস্থ্যবিধি মেনে জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের অনুরোধ করেন।

ঈদগাহ পরিদর্শনের সময় মেয়রের সঙ্গে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ আহাম্মদ, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, ঢাকার জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, প্রমুখ।