উত্তরবঙ্গের যাত্রীদের স্বস্তি দিতে নলকা সেতুর এক পাশ খুলল

নিজস্ব সংবাদদাতা, পাবনা

অবশেষে খুলে দেওয়া হলো বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কের নলকা ব্রিজের একটি লেন। আসন্ন ঈদে উত্তরবঙ্গের যাত্রীদের ভোগান্তি কমাতে সোমবার বিকেলে নলকা ব্রিজের উত্তরবঙ্গ অভিমুখী লেন খুলে দেওয়া হয়।

মহাসড়কটিকে চার লেনে উন্নীত করার কাজ চলমান থাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্ত থেকে হাটিকুমরুল পর্যন্ত ২৫ কিলোমিটার মহাসড়কে যানজট নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এর মধ্যে নলকা এলাকায় পুরনো ব্রিজের পাশে তৈরি করা হচ্ছে একটি নতুন ব্রিজ। সেখানে পুরনো ব্রিজে শুধু এক লেন দিয়ে যান চলাচল করায় দুর্ভোগ আরও বেড়ে যায়।

এই পরিস্থিতিতে ঈদে দুর্ভোগ আরও বেড়ে যাওয়ার আশঙ্কায় নির্মাণকাজের মাঝপথেই জরুরি ভিত্তিতে নকলা ব্রিজের একটি পাশ খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে সড়ক বিভাগ।

মহাসড়ক উন্নয়ন প্রকল্প সাসেক-২ এর ব্যবস্থাপক আহসান মাসুদ বাপ্পি দ্য ডেইলি স্টারকে বলেন, চার লেনের কাজ আগামী বছর পর্যন্ত চলবে। তবে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম মহাসড়কে যানবাহনের চাপ বেশি থাকায় নির্মাণাধীন নলকা ব্রিজের উত্তরবঙ্গমুখী দুইটি লেন খুলে দেওয়া হয়েছে। উত্তরবঙ্গ অভিমুখী যানবাহন নতুন সেতু দিয়ে ও ঢাকামুখী যানবাহন পুরোনো সেতুর একটি লেন ব্যবহার করবে।

বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ের হাটিকুমরুল হাইওয়ে পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান দ্য ডেইলি স্টারকে বলেন, স্বাভাবিক সময়ে বঙ্গবন্ধু সেতু দিয়ে প্রতিদিন ১৮ থেকে ২০ হাজার যানবাহন চলাচল করে। ঈদের সময় এই সেতু দিয়ে দৈনিক প্রায় ৫০ হাজার যানবাহন পারাপার হবে।

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সোমবার সকাল থেকে সেতুর পশ্চিমে ২৬টি পয়েন্টে ১৭০ জন পুলিশ সদস্য নিয়ে মহাসড়কে বিশেষ অভিযান শুরু হয়েছে।

মহাসড়কে রেকার, চেইন ও মোটর মেকানিকদের নিয়ে বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে। মহাসড়কে কোন দুর্ঘটনা বা যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রাখা হবে বলে তিনি জানান।