‘উন্নয়নের নামে ঢাকাকে বস্তি বানিয়ে ফেলেছি’
রাজধানীতে শব্দ দূষণ, বায়ু দূষণ ও যানজট নিয়ে জাতীয় সংসদে তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন প্রধান বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য পীর ফজলুর রহমান।
পয়েন্ট অব অর্ডারে বক্তৃতাকালে তিনি বলেন, 'প্রতিদিন মানুষকে যানজটের ভোগান্তিতে পরতে হচ্ছে। এতে একদিকে মানুষ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন, অন্যদিকে মানুষের কর্মক্ষমতা কমে যাচ্ছে। এভাবে চলতে থাকলে ঢাকা শহর অকার্যকর শহরে পরিণত হবে।'
ফজলুর রহমান বলেন, 'আমি গ্রামের মানুষ গ্রামে থাকি, আমার খুব একটা সমস্যা হয় না। সংসদের কাজে ঢাকায় আসতে হয়। ঢাকা এখন শব্দ দূষণে এক নম্বরে, বায়ূ দূষণেও এগিয়ে। ঢাকায় যারা বসবাস করেন, যানজটের কারণে তারা সকালে বের হলে দুপুরে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছাতে পারবেন কি না, তার নিশ্চয়তা নেই।'
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, 'ঢাকা শহরে যানজটের কারণে বছরে মোট দেশজ উৎপাদনের ২ দশমিক ৫ শতাংশ ক্ষতি হচ্ছে, যার পরিমান ৮৭ হাজার কোটি টাকা।'
তিনি আরও বলেন, 'উন্নয়ন কাজে কোনো সমন্বয় নেই। এক সংস্থা রাস্তা তৈরি করে, আবার কিছু দিনের মধ্যে অন্য সংস্থা রাস্তা কাটে। কোন বাস কোথায় থামবে, তার কোনো ঠিক নেই। রাস্তা বন্ধ করে রেখে তারা যাত্রী তোলে।'
'অপরিকল্পিতভাবে ঢাকা শহরের উন্নয়নের নাম এই শহরকে আমরা বস্তি বানিয়ে ফেলেছি,' যোগ করেন তিনি।
এভাবে অপরিকল্পিতভাবে চললে আর কিছু দিনের মধ্যে অকার্যকর বা ব্যর্থ শহরে পরিণত হবে ঢাকা।
তিনি বলেন, 'যানজটের অবস্থা নৈরাজ্যের পর্যায়ে চলে গেছে।'
এ অবস্থা থেকে নিরসনে যথাযথ ব্যবস্থা নেওয়া এবং প্রসাশনিক বিকেন্দ্রীকরণের দাবি জানান তিনি।