একই স্থানে বিএনপি-ছাত্রলীগের সমাবেশ, ব্রাহ্মণবাড়িয়ায় ১৪৪ ধারা

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ায় একই স্থানে বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশ আহবানকে কেন্দ্র করে আগামীকাল শনিবার ভোর ৬টা থেকে রাত ১টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। ফুলবাড়িয়াসহ পৌর এলাকার সব জায়গায় ১৪৪ ধারা চলবে।

এ ছাড়া, আজ শুক্রবার জেলা বিএনপির ৪ নেতাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন ১৪৪ ধারা জারির বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, 'ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও জেলা ছাত্রলীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কায় আগামীকাল ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ফুলবাড়িয়া এলাকাসহ পৌর এলাকার সব জায়গায় ১৪৪ ধারা বলবৎ থাকবে।'

পুলিশ সূত্রে জানা যায়, খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ফুলবাড়িয়া কনভেনশন সেন্টার প্রাঙ্গণে আগামীকাল দুপুর ২টায় সমাবেশ আহ্বান করে স্থানীয় বিএনপি। একই স্থানে একই দিনে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ আহ্বান করে জেলা ছাত্রলীগ। এ নিয়ে ২ পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দিলে পরিস্থিতি বিবেচনায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়।

এদিকে সমাবেশের আগের দিন আজ দুপুরে জেলা বিএনপির ৪ নেতাকে হেফাজতে নেয় পুলিশ। ওই ৪ নেতা হলেন- জেলা বিএনপির আহবায়ক মো. জিল্লুর রহমান, সদস্য মো. জহিরুল হক খোকন, মো. সিরাজুল ইসলাম ও পৌর বিএনপি নেতা মিজানুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, '৪ জনকে পুলিশ হেফাজতে রাখার বিষয়টি শুনেছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানাব।'