ওয়াশিংটনে মোমেন-ব্লিঙ্কেন ১ ঘণ্টার বৈঠক, ২ দেশের সম্পর্ক জোরদারের প্রতিশ্রুতি

স্টার অনলাইন রিপোর্ট

যুক্তরাষ্ট্র-বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ওয়াশিংটনে বৈঠক করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টা থেকে প্রায় ১ ঘণ্টা এ বৈঠকে চলে।

বৈঠকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন জলবায়ু সংকট মোকাবিলায় বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেন। ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার মতো উদারতা দেখানোয় বাংলাদেশের প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

'যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করবে,' তিনি বলেন।

দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তির এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ব্লিঙ্কেন করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশের প্রশংসা করেন।

যুক্তরাষ্ট্র বাংলাদেশকে ৬১ মিলিয়ন ডোজ ভ্যাকসিন দিতে পেরে গর্বিত বোধ করে বলেও তিনি উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন তার বক্তব্যে বলেন, 'যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সম্পর্ক অনেক শক্তিশালী এবং আগামী ৫০ বছরে এটি আরও দৃঢ় হবে।'

৬১ মিলিয়ন ডোজ করোনা ভ্যাকসিন দেওয়ায় তিনি ব্লিঙ্কেনকে ধন্যবাদ জানিয়ে বলেন, 'যুক্তরাষ্ট্র যে সব দেশে ভ্যাকসিন সহায়তা দিয়েছে, তার মধ্যে বাংলাদেশ সর্বোচ্চ পরিমাণ সহায়তা পেয়েছে।'

রোহিঙ্গাদের বিরুদ্ধে সহিংসতাকে 'গণহত্যা' হিসেবে স্বীকৃতি দেওয়ায় মোমেন যুক্তরাষ্ট্রের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।

গত ৫০ বছরে ভালো-খারাপ সব সময়ে পাশে থাকায় এবং বাংলাদেশের উন্নয়নের সহযোগী হওয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান তিনি।

যুক্তরাষ্ট্র বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, 'বাংলাদেশ গত ৫০ বছরে অনেক কিছু অর্জন করেছে। একটি প্রাণবন্ত অর্থনীতিতে পরিণত হয়েছে।'

বাংলাদেশের জন্য সবচেয়ে বড় বিনিয়োগকারী যুক্তরাষ্ট্র এবং বেশিরভাগ বিনিয়োগই জ্বালানি খাতে বলে উল্লেখ করেন তিনি।

তিনি ব্লিঙ্কেনকে আইটি, ফার্মাসিউটিক্যালসসহ আরো কিছু খাতে বিনিয়োগ করার জন্য অনুরোধ করেন।

একটি ব্যক্তিগত নোটে মোমেন বলেন, তিনি যখন বেকার ও গৃহহীন ছিলেন, যুক্তরাষ্ট্র তাকে একটি চাকরি এবং একটি বাড়ি দিয়েছিল।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পশ্চিম) শাব্বির আহমদ চৌধুরী, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল ইসলাম প্রমুখ।