‘কমনওয়েলথ পয়েন্টস অব লাইট’ পুরস্কার বিজয়ী বিদ্যানন্দের কিশোর
ব্যতিক্রমী স্বেচ্ছাসেবী কার্যক্রমের জন্য সম্মাননা হিসেবে 'কমনওয়েলথ পয়েন্টস অব লাইট' পুরস্কার পেয়েছেন দাতব্য সংস্থা বিদ্যানন্দ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কিশোর কুমার দাস। ঢাকার ব্রিটিশ হাইকমিশন এক বিবৃতিতে জানায়, ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ এই পুরস্কার ঘোষণা করেছেন।
২০১৩ সালে বিদ্যানন্দ প্রতিষ্ঠা করেন কিশোর কুমার দাস। প্রতিষ্ঠানটি প্রায় ১২শ' প্রান্তিক শিশুকে শিক্ষার সুযোগ দিয়েছে। সেসময় মাত্র ২২ জন ছাত্র নিয়ে যাত্রা শুরু করা বিদ্যানন্দ ফাউন্ডেশন এখন ৫টি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা করছে, যেখানে বিনামূল্যে শিক্ষার্থীরা পড়াশোনা করছেন। শিশুদের উচ্চশিক্ষা চালিয়ে যেতে সাহায্যের জন্য বিনামূল্যে একাডেমিক কোচিং সেশন এবং স্কলারশিপ প্রোগ্রামও পরিচালনা করছেন কিশোর।
৪০ বছর বয়সী কিশোর 'এক টাকার আহার' নামেও একটি কর্মসূচি চালু করেছেন, যার মাধ্যমে শিশু ও গৃহহীনদের পুষ্টিকর খাবার সরবরাহ করা হয়। করোনভাইরাস মহামারিকালে এ দাতব্য সংস্থাটি সারা দেশে ত্রাণ বিতরণও করেছে।
৫৪টি কমনওয়েলথভুক্ত দেশ থেকে এক জন করে অনুপ্রেরণামূলক স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানাতে স্বীকৃতি দিচ্ছেন ব্রিটেনের রাণী দ্বিতীয় এলিজাবেথ।
কিশোর বলেন, 'আমি বিশ্বাস করি বিদ্যানন্দের এ মর্যাদাপূর্ণ স্বীকৃতি বিভিন্ন দাতব্য সংস্থাকে আরও মানবিক হতে অনুপ্রাণিত করবে।'
বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ব্রিটিশ হাইকমিশনার জাভেদ প্যাটেল বলেন, 'এ স্বীকৃতির মাধ্যমে আমরা বিদ্যানন্দ ফাউন্ডেশনের অনুপ্রেরণামূলক স্বেচ্ছাসেবকদেরও কৃতজ্ঞতা জানাই, যারা বাংলাদেশে ক্ষুধা দূরীকরণ, জনগণের ক্ষমতায়ন এবং মানসম্পন্ন শিক্ষায় প্রবেশাধিকার উন্নত করতে অবদান রাখছেন।'