করোনার কারণে সংক্ষিপ্ত হচ্ছে সংসদের চলতি অধিবেশন

স্টার অনলাইন রিপোর্ট

করোনা সংক্রমণের চলমান ঊর্ধ্বগতির কারণে সংসদের চলতি ১৬তম অধিবেশন সংক্ষিপ্ত করা হচ্ছে।

আগামীকাল বৃহস্পতিবারই শেষ হচ্ছে বছরের প্রথম এবং শীতকালীন এ অধিবেশন। আগামীকাল সকাল ও বিকেল দুই বেলা বৈঠক চলবে।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, করোনার সংক্রমণের কারণে স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা অধিবেশন সংক্ষিপ্ত করার  মতামত  প্রদান করেন।

এদিকে আগামীকালই বহুল আলোচিত প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ আইন সংসদে পাস হবে বলে জানা গেছে। এই আইনের ভিত্তিতে এই নতুন কমিশন গঠিত হবে।

২০২২ সালের প্রথম অধিবেশন গত ১৬ জানুয়ারি শুরু হয়। সংবিধানের বিধান অনুযায়ী অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন।

সবমিলিয়ে চলতি অধিবেশন মাত্র ৫ কার্যদিবস চলল।

সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, শুরুতেই চলতি অধিবেশন বেশ কিছুদিন চালানোর জন্য পরিকল্পনা নেওয়া হয়েছিল। কয়েক দফায় মুলতবি দিয়ে এ অধিবেশন ফেব্রুয়ারির শেষ পর্যন্ত পরিচালনার চিন্তা করা হয়েছিল। তবে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ব্যাপক বিস্তারের কারণে ওই পরিকল্পনায় পরিবর্তন এনে অধিবেশন সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত হয়েছে।

গত কয়েক দিনে প্রায় ৪০ জনের মতো সংসদ সদস্য এবং সংসদ সচিবালয়ের দুই শতাধিক কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হয়েছেন বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। 

সাধারণত বছরের প্রথম অধিবেশন দীর্ঘ হয়। বছরের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর দীর্ঘ সময় ধরে আলোচনা হয়ে থাকে।