কলকাতা গেস্ট হাউজে আগুনে ১ বাংলাদেশি নিহত, আরেকজন ২৫ শতাংশ দগ্ধ
কলকাতার একটি গেস্ট হাউজে অগ্নিকাণ্ডে শামিমাতুল আরোস (৬০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। মাহবুব আলম নামে আরেক বাংলাদেশি আহত হয়েছেন। তার শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।
কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের ফার্স্ট সেক্রেটারি প্রেস রঞ্জন সেন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'আজ শনিবার ভোর ৪টার দিকে মির্জা গালিব রোডে রাহবার গেস্ট হাউজে অগ্নিকাণ্ডে শামিমাতুল আরোস নিহত হন এবং মাহবুব আলম আহত হয়েছেন। মাহবুব আলম বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। সেখানে উপদূতাবাসের লোকজন এবং পুলিশ অবস্থান করছেন।'
হাসপাতাল সূত্রে জানা গেছে, মাহবুব আলমের শরীরের ২৫ শতাংশ পুড়ে গেছে।
রঞ্জন সেন বলেন, 'শামিমাতুল আরোস মেডিকেল ভিসায় ভারতে এসেছিলেন। কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করে মরদেহ দেশে নেওয়ার জন্য নিহতের পরিবারকে আমরা সর্বাত্মক সহযোগিতা করবো।'
গেস্ট হাউজে আর কোনো বাংলাদেশি ছিলেন কিনা জানতে চাইলে তিনি বলেন, 'আমরা এই বিষয়ে সঠিক কোনো তথ্য পাইনি। ধারণা করছি আরও বাংলাদেশি ছিলেন। তবে এই ঘটনায় আর কেউ আহত হননি এবং আমরা সেখানে গিয়ে কাউকে পাইনি।'
কলকাতা পুলিশের তথ্য মতে, আগুনের ঘটনায় ভারতের মুর্শিদাবাদের মাইনুল হক (৩৫) নামে আরেকজন আহত হয়েছেন। আগুনে ১১টি ঘর পুড়ে গেছে।