কলরেট অভিন্ন হলে গ্রাহকরা গ্রামীণফোনের দিকে ঝুঁকবে: মোস্তাফা জব্বার

স্টার অনলাইন রিপোর্ট

সব মোবাইল অপারেটরের অভিন্ন কলরেট নির্ধারণ করা হলে গ্রাহকরা গ্রামীণফোনের দিকে ঝুঁকবেন বলে জাতীয় সংসদে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। 

সংসদে এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, গ্রাহক সংখ্যার ভিত্তিতে গ্রামীণফোনের মার্কেট শেয়ার ৪৫ দশমিক ৯৫ শতাংশ, রবির ২৯ দশমিক ৪৫ শতাংশ, বাংলালিংকের ২০ দশমিক ৮৫ শতাংশ এবং টেলিটকের ৩ দশমিক ৭ শতাংশ।

আওয়ামী লীগের সংসদ সদস্য নুর উদ্দিন চৌধুরীর প্রশ্নের উত্তরে মোস্তাফা জব্বার বলেন, গ্রামীণফোনের মার্কেট শেয়ার বেশি থাকায় সব অপারেটরদের একই কলরেট নির্ধারণ করা হলে গ্রামীণফোনের প্রতি গ্রাহক আকর্ষণ বেড়ে যাবে। ফলে অপারেটরটির মার্কেট শেয়ার আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এ অবস্থায় ছোট অপারেটরদের মার্কেট এর অবস্থান বাধাগ্রস্ত হবে।

জাতীয় পার্টির সৈয়দ আবু হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে মোস্তাফা জব্বার বলেন, মোবাইল ফোনে কল ড্রপ ও দুর্বল নেটওয়ার্ক একটি বড় সংকট। এমন কেউ নেই যিনি কল ড্রপের শিকার হননি। অনেক জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না। তিনি বলেন, ফোন অপারেটরদের গ্রাহক সংখ্যা অনেক বেড়েছে। গ্রামীণ ফোনের গ্রাহক ৮ কোটির বেশি, রবির গ্রাহক ৫ কোটির বেশি।

তিনি বলেন, গ্রাহক অনুযায়ী অপারেটরগুলোর যে পরিমাণ বেতার তরঙ্গ নেওয়া দরকার তারা তার তিন ভাগের এক ভাগও নেয়নি। সরকারের চাপে গত মার্চে তরঙ্গ বাড়িয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে এই তরঙ্গ সম্পূর্ণ সম্প্রসারণ করা হলে সমস্যা অনেকটা সমাধান হবে। এ সময়ের মধ্যে কোম্পানিগুলো তরঙ্গ সম্পূর্ণ সম্প্রসারণ করতে না পারলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, জরিমানা করার সুযোগ আছে। মন্ত্রী বলেন, জরিমানা বা কোনো ব্যবস্থা নেওয়ার ক্ষেত্রে সমস্যা হল কোনো ব্যবস্থা নেওয়া হলে কোম্পানিগুলো আদালতের দ্বারস্থ হয়।

অপর এক সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, আগামী ২০২৩ সালের মধ্যে সারা দেশে টেলিটকের নেটওয়ার্ক বিস্তৃত হবে। মন্ত্রী রাষ্ট্রীয় এই মোবাইল অপারেটরের গ্রাহক হওয়ার জন্য সকলের প্রতি এ সময় আহ্বান জানান।