কাল চালু হচ্ছে উত্তরবঙ্গ রুটের ৩ ফ্লাইওভার ও নলকা ব্রিজ

স্টার অনলাইন রিপোর্ট

জয়দেবপুর থেকে টাঙ্গাইলের এলেঙ্গা পর্যন্ত সাসেক-১ প্রকল্পের আওতায় নির্মিত ৩টি ফ্লাইওভার এবং এলেঙ্গা থেকে রংপুর মডার্ন মোড় পর্যন্ত সাসেক-২ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের দ্বিতীয় নলকা ব্রিজ আগামীকাল যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম।

তিনি আশা প্রকাশ করেন, নাওজোর, শফিপুর ও গড়াই ফ্লাইওভার এবং দ্বিতীয় নলকা ব্রিজ যান চলাচলের জন্য উন্মুক্ত করা হলে উত্তরবঙ্গে যাত্রা স্বস্তিদায়ক হবে।

আজ রোববার দুপুরে মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম জানান, সিরাজগঞ্জের কড্ডার মোড়ের যানজট কমাতে ঢাকা থেকে সিরাজগঞ্জের হাটিকামরুলমুখী সড়ক প্রশস্ত করার পাশাপাশি বাস-বে নির্মাণ করা হয়েছে। গাজীপুর ও ঢাকা-ময়মনসিংহমুখী যান চলাচল নির্বিঘ্ন করতে আবদুল্লাহপুর থেকে জয়দেবপুর পর্যন্ত বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পাধীন সড়ক যান চলাচলের উপযোগী রাখতে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হয়েছে। আগামী দুএক দিনের মধ্যে এই কার্যক্রম শেষ হবে।

তিনি আরও জানান, কোনো দুর্ঘটনা বা যানজট সৃষ্টি হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার প্রবেশমুখ ও বহির্গমনমুখ এবং গুরুত্বপূর্ণ অন্যান্য পয়েন্টগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে।