কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে সাব-মাঝিকে কুপিয়ে হত্যা
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে এক সাব-মাঝিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকালে কুতুপালং-২ পূর্ব রোহিঙ্গা ক্যাম্পের বি-ডব্লিউ-৫ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত আবুল কালাম (৬০) ওই ব্লকের বাসিন্দা ছিলেন। তিনি ব্লকের সাব-মাঝি হিসেবে দায়িত্বরত ছিলেন।
রোহিঙ্গা ক্যাম্পের নেতাদের মাঝি বলা হয়।
১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মো. নাইমুল হক বলেছেন, আজ সকালে আবুল কালাম তার নিজের ব্লকে দুষ্কৃতিকারীদের হামলার শিকার হন। আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় আইওএম হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেলা ১টার দিকে তিনি মারা যান।
তিনি আরও বলেন, পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। সন্দেহভাজন বেশ কয়েকজনের নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।