কুষ্টিয়ায় পুকুর খননের সময় মিলল প্রাচীন বিষ্ণুমূর্তি

নিজস্ব সংবাদদাতা, কুষ্টিয়া

কুষ্টিয়ার মিরপুরে পুকুর খননের সময় একটি প্রাচীন বিষ্ণুমূর্তি  পাওয়া গেছে। তবে মূর্তিটি কোন সময়ের সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

আজ শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের মন্দপাড়া এলাকার একটি পুকুরে এটি পাওয়া যায়।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ব্যক্তি মালিকানাধীন একটি পুকুর এক্সক্যাভেটর দিয়ে পুনর্খনন করা হচ্ছিল। এক পর্যায়ে কালো রঙের পাথরের তৈরি ওই মূর্তিটি মাটির সঙ্গে উঠে আসে।

মূর্তিটির ওজন প্রায় ৫০ কেজি বলে জানান তিনি।

মূর্তিটি পাওয়ার পর স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ওসি বলেন, মূর্তিটি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এটি আদালতে জমা দেওয়া হবে।