কুড়িগ্রামে মৌমাছির আক্রমণে ৩২টি কবুতরের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

কু‌ড়িগ্রামের উলিপুরে মৌমাছির আক্রমণে ৩২টি কবুতরের মৃত্যু হয়েছে। মৌমাছির আক্রমণে আহত হয়েছেন ৩ জন। ৬টি গরু ও ২টি ছাগলকেও মৌমাছিগুলো আহত করেছে।

আজ বুধবার দুপুরে উলিপুর উপজেলার তবকপুর ইউ‌নিয়‌নের ফারা‌জিপাড়া গ্রামের রাধানাথ বর্মণ নামে এক ইউ‌পি সদস্যের বা‌ড়িতে এই ঘটনা ঘটে।

মৌমাছির কামড়ের আহতরা হলেন, ইউপি সদস্য রাধানাথ বর্মণ, তার স্ত্রী পূর্ণিমা রা‌নী এবং তার মা সু‌রবালা রানী।

রাধানাথ বর্মণ জানান, বা‌ড়ির উঠানে একটি আমগাছের মগডালে এক‌টি বড় মৌচাক ছিল। বুধবার দুপুরে মৌচাকটিতে বাজপা‌খি হানা দিলে মৌমা‌ছিগু‌লো ছোটাছুটি শুরু করে। মৌমাছির ঝাঁক বাড়ির কবুতরগুলোকে আক্রমণ করলে কিছুক্ষণের মধ্যে ৩২টি কবুতর মারা যায়। বাড়ির পাশে বেঁধে রাখা ৬টি গরু ও ২টি ছাগলের ওপর আক্রমণ করে মৌমাছিগুলো। তাণ্ডব চালানোর পর মৌমাছিগুলো এলাকা ছেড়ে চলে যায়।

খবর পেয়ে উলিপুর থানা পু‌লিশ এবং স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তাদের দেখে গেছেন বলে তিনি জানান।

উলিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুভাষ চন্দ্র সরকার ডেইলি স্টারকে বলেন, মৌমাছি হুল ফোটানোয় কবুতরগুলো মারা গেছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তারা এখন সুস্থ আছেন।