আপাতত পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা নেই: কৃষি সচিব

স্টার অনলাইন রিপোর্ট

আপাতত পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা নেই বলে জানিয়েছেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম। আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় কৃষি সচিব এ কথা বলেন।

সায়েদুল ইসলাম বলেন, পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়ার ক্ষেত্রে আমরা কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষার বিষয়টি বিবেচনা করি। এখন পর্যন্ত কৃষক পেঁয়াজের ভালো দাম পাচ্ছে। সামনে পবিত্র রমজান মাস। ওই সময় পেঁয়াজের দাম যাতে না বাড়ে, সেটিও আমাদের বিবেচনায় রয়েছে। তাই, আপাতত পেঁয়াজ আমদানি বন্ধের পরিকল্পনা কৃষি মন্ত্রণালয়ের নেই। আমরা নিবিড়ভাবে বাজার মনিটর করছি, কৃষক ও ভোক্তা উভয়ের স্বার্থ রক্ষায় উদ্যোগ নেওয়া হবে।

সভায় জানানো হয়, চলমান ২০২১-২২ অর্থবছরে ৭৭টি প্রকল্প কৃষি মন্ত্রণালয়ের বাস্তবায়নাধীন। এসব প্রকল্পের বিপরীতে ৩ হাজার ১২৪ কোটি টাকা বরাদ্দ রয়েছে। গত মাস পর্যন্ত বাস্তবায়ন অগ্রগতি হয়েছে ৪০ শতাংশ। যা জাতীয় গড় অগ্রগতির চেয়ে ৫ শতাংশ বেশি। এ সময়ে জাতীয় গড় অগ্রগতি হয়েছে ৩৫ শতাংশ।