কৃষিতে শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে: কৃষিমন্ত্রী

স্টার অনলাইন রিপোর্ট

কৃষিতে শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে উল্লেখ করে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক আজ জাতীয় সংসদে বলেছেন, এ সংকট উত্তরণে উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষকদের আধুনিক যন্ত্রপাতি দেওয়া হচ্ছে।

আজ সোমবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এ কথা জানান। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

আব্দুর রাজ্জাক বলেন, 'কৃষিতে শ্রমিকের ঘাটতি দেখা দিচ্ছে। বিশেষ করে ধানের চারা রোপন এবং ধান কাটার সময় কৃষি শ্রমিকের সংকট চরম আকার ধারণ করে। এ সংকট উত্তরণে সরকার সমন্বিত কৃষি ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ শীর্ষক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে। এ প্রকল্পের মাধ্যমে হাওর ও উপকূলীয় এলাকায় ৭০ শতাংশ এবং অন্যান্য এলাকায় ৫০ শতাংশ উন্নয়ন সহায়তার মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় ৫ বছরে ৫১ হাজার ৩০০টি উন্নত কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হবে।'