কোর্ট হিলে ভবন নির্মাণ নিয়ে বিরোধ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
চট্টগ্রামে কোর্ট হিলে ভবন নির্মাণ নিয়ে জেলা প্রশাসনের সঙ্গে দ্বন্দ্ব নিরসনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে জেলা আইনজীবী সমিতি।
আজ বুধবার এক সংবাদ সম্মেলনে আইনজীবী সমিতির নেতারা এই দাবি জানান।
এর আগে, কোর্ট হিলে (পরীর পাহাড়) নতুন স্থাপনা নির্মাণ না করতে এবং অবৈধ স্থাপনা অপসারণে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে একটি প্রস্তাব উত্থাপন করা হলে প্রধানমন্ত্রী এতে অনুমোদন দেন। এরপর পরীর পাহাড়কে প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে সংরক্ষণ করতে জেলা প্রশাসনের প্রস্তাব বিবেচনা করার কথা জানায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
কোর্ট হিলে বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, নতুন আদালত ভবন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন এবং আইনজীবীদের ৫টি ভবনসহ বেশ কিছু সরকারি কার্যালয় আছে।
গত বছর এখানে আইনজীবী সমিতি আরও দুটি ভবন নির্মাণ করতে চাইলে এতে বাধা দেয় জেলা প্রশাসন।
আজ সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়া উদ্দিন বলেন, 'গত ৪-৫ মাস ধরে এটা চলছে। আমরা প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের প্রতি আস্থাশীল। এ কারণে আমরা আইনি পথে হেঁটেছি। কিন্তু জেলা প্রশাসক এই আইনি মোকাবিলাকে দুর্বলতা মনে করছেন।'
সেখানে আইনজীবী সমিতির জমি ও স্থাপনার বিষয়ে জেলা প্রশাসন থেকে উদ্দেশ্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিবালয় ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে 'মিথ্যা তথ্য' দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
সমিতির ৫টি ভবনেরই অনুমোদন আছে জানিয়ে জিয়া উদ্দিন বলেন, 'একুশে ভবনের এক্সটেনশনের অনুমতি আছে। নতুন ২ ভবনের কাজ যথাযথ অনুমোদন নিয়েই শুরু করা হবে।'
তিনি বলেন, 'পুরান আদালত ভবনের সামনে সৌন্দর্য্যবর্ধনের নামে চলাচলের একমুখী রাস্তা, পূর্ব পাশের খোলা স্থানে প্রতিবন্ধকতা সৃষ্টি, রাতের অন্ধকারে বাগান নির্মাণ করা হচ্ছে। এ বিষয়ে আমরা নোটিশ দিয়েছি। আইনগত ব্যবস্থা নেব।'
সংবাদ সম্মেলনে বার কাউন্সিলের সদস্য মুজিবুল হক বলেন, 'আগে জেলা প্রশাসক বলেছেন যে সিডিএ আমাদের ভবন নির্মাণে অনুমোদন দেয়নি। এখন বলছে যথাযথ যাচাই করে অনুমোদন দেয়নি। আগের অবস্থান থেকে সরে গিয়ে নতুন করে মিথ্যাচার করছে।'
কোর্ট হিলে বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয়, বিভাগীয় কমিশনারের কার্যালয়, নতুন আদালত ভবন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবন এবং আইনজীবীদের ৫টি ভবনসহ বেশ কিছু সরকারি কার্যালয় আছে।