খালের সীমানার ভেতরের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে: স্থানীয় সরকার মন্ত্রী
রাজধানীর খালগুলোর সীমানা নির্ধারণের পর, সীমানার ভেতরে থাকা সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
আজ বুধবার রাজধানীর কল্যাণপুর রিটেনশন পন্ড এলাকায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার ২৯টি খাল ও একটি রেগুলেটরি পন্ডের সীমানা নির্ধারণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
মন্ত্রী বলেন, 'ঢাকা ওয়াসা দুই সিটি করপোরেশনের কাছে খালগুলো হস্তান্তরের পর দুই মেয়র সেগুলো দখলমুক্ত এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ কাজ শুরু করেছেন।'
'উচ্ছেদ অভিযান চলমান আছে' উল্লেখ করে তিনি বলেন, 'ইতোমধ্যে অনেক খাল উদ্ধার করা হয়েছে। রাজধানীকে একটি বাসযোগ্য ও দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়তে মন্ত্রণালয়ের নির্দেশনায় দুই মেয়র অনেক চ্যালেঞ্জিং কাজ করছেন।'
মন্ত্রী মো.তাজুল ইসলাম জানান, ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে ওয়াটার রিটেনশন পন্ড নির্মাণ করতে সরকার কল্যাণপুরে ১৭৩ একর জায়গা অধিগ্রহণ করেছে।
তিনি জানান, এর মধ্যে মাত্র ৩ একর ছাড়া বাকি জমি অবৈধভাবে দখলে আছে। এসব জমিতে বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। সীমানা নির্ধারণের পর এর ভেতরে থাকা সব স্থাপনা উদ্ধার করে পানির প্রবাহ ঠিক করা হবে।
মন্ত্রী বলেন, 'জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে। ইতোমধ্যে রামচন্দ্রপুরসহ অনেকগুলো খাল দখলমুক্ত করা হয়েছে। প্রশাসনের সহযোগিতায় জনপ্রতিনিধিরা সাধারণ মানুষকে সম্পৃক্ত করে বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন।'
'সাধারণ মানুষ পাশে থাকলে যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব,' যোগ করেন তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম বক্তব্য দেন।