গোদাগাড়ীতে ভাষা শহীদের প্রতি কোল নৃগোষ্ঠীর শ্রদ্ধা
বিদ্যালয় প্রাঙ্গণে বাঁশ-কঞ্চির শহীদ মিনার ও মাটির বেদীতে আঁকা হয়েছে রঙিন আলপনা। ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে শহীদ মিনারের বেদী ভরে ওঠেছে ফুলে ফুলে। সেখানে থাকা ফুলের বেশিরভাগই ছিল বুনোফুল।
এ দৃশ্য রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাবুডাইং গ্রামে প্রথম আলো ট্রাস্ট পরিচালিত 'বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালা'র।
বিদ্যালয়ে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছে শিক্ষার্থীরা। শ্রদ্ধা নিবেদন শেষে অনুষ্ঠিত হয় আলোচনা ও ঐতিহ্যবাহী নাচ-গান।
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি' গানটি কোল ভাষায় গেয়ে প্রভাতফেরি করেছেন শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা।
বাবুডাইং আদিবাসী আলোর পাঠশালার প্রধান শিক্ষক দ্য ডেইলি স্টারকে বলেন, 'কোল নৃ-গোষ্ঠী অধ্যুষিত প্রত্যন্ত এই গ্রামে ২০০৭ সালে স্থাপিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা এক সপ্তাহের বেশি সময় ধরে শহীদ মিনার তৈরি করেছে। একুশ উদযাপন অনুষ্ঠানে গ্রামের সাধারণ মানুষও নানাভাবে সহযোগিতা করে থাকেন।'