গোয়ালন্দ মোড়ে আটকে দেওয়া হচ্ছে দৌলতদিয়ার ট্রাক, তীব্র যানজট

নিজস্ব সংবাদদাতা, ফরিদপুর

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে পণ্যবাহী ৮০০ ট্রাকের দীর্ঘ সারি।

গত সোমবার দিবাগত রাত থেকে গোয়ালন্দ মোড় থেকে দৌলতদিয়া পর্যন্ত কোনো পণ্যবাহী ট্রাক যেতে না দেওয়ায় পারাপারের অপেক্ষায় থাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের গোয়ালন্দ মোড় থেকে আলীপুর ইউনিয়নের রাজবাড়ী পাটকল এলাকা পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এলাকায় ট্রাকের দীর্ঘ সারি হয়েছে।

এছাড়া ঘাট এলাকায় রয়েছে যাত্রীবাহী গাড়ির চাপ।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) সূত্রে জানা গেছে, পানি কমে পন্টুন নিচু হয়ে যাওয়ায় গাড়ি লোড-আনলোডে সময় বেশি লাগছে। এছাড়াও গত এক সপ্তাহ ধরে এই রুটে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যাওয়ার কারণে যানজটও কিছুটা বেড়েছে। তবে যাত্রীবাহী ও পচনশীল পণ্যবাহী যানবাহনকে অগ্রাধিকার ভিত্তিতে নদী পার করা হচ্ছে।

অপেক্ষমান ট্রাক চালকদের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকাগামী ট্রাকগুলোও এই রাস্তায় পারাপারের জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে। ট্রাকের এই সারি গোয়ালন্দ মোড় থেকে আলীপুর ইউনিয়নের রাজবাড়ী পাটকল এলাকায় পৌঁছেছে।

ফেরি পারাপারের জন্য অপেক্ষমান ট্রাক চালক মিলন গাজি (৪৭) দ্য ডেইলি স্টারকে জানান, তিনি গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকা যাবার উদ্দেশে গোয়ালন্দ মোড় আসেন। এখনো তিনি ঘাটে যাবার গাড়ির সারির ১০০ ট্রাকের পিছনে আছেন।

বেনাপোল থেকে ঢাকার কাঁচপুরগামী ট্রাক চালক সুমন হোসেন (৩৪) বলেন, 'গতকাল রাত ১০টার দিকে এখানে এসেছি। আজতো পার হতে পারবোই না আগামীকাল কখন পার হতে পারবো তাও বলা কঠিন।'

এ প্রসঙ্গে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিসি) দৌলৎদিয়ার সহকারী ব্যবস্থাপক শিহাবউদ্দিন বলেন, 'ঘাটে মোট ২০টি ফেরি চলাচল করছে। তবে নদীর পানি কমে যাওয়ায় বিভিন্ন চ্যানেলে ডুবোচর সৃষ্টি হওয়াতে ফেরি চলাচল ব্যহত হচ্ছে। ফলে উভয় ঘাটেই ফেরি ভিড়তে স্বাভাবিকের থেকে বেশি সময় লাগছে। এ ছাড়া গাড়ি লোড-আনলোডে সময় বেশি লাগায় দৌলতদিয়া ঘাট এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে।'