ঘাটারচর থেকে আরও ৩ রুটে বাস সার্ভিস চালু করবে সরকার
রাজধানীর পরিবহন খাতে শৃঙ্খলা আনতে এবং যাত্রীসেবার মান বাড়াতে শিগগির ১টি কোম্পানির অধীনে আরও ৩ রুটে বাস সার্ভিস চালু করতে যাচ্ছে সরকার।
এর আগে গত বছরের ডিসেম্বরে ঘাটারচর থেকে কাঁচপুর রুটে বাস সার্ভিস চালু করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি)।
নতুন রুটগুলো হলো-ঘাটারচর থেকে বসিলা বাসস্ট্যান্ড, আসাদগেট, ফার্মগেট, শাহবাগ, পল্টন, গুলিস্তান ও রূপসী হয়ে ভুলতা। ঘাটারচর থেকে আসাদগেট, শাহবাগ, পল্টন, সায়েদাবাদ ও কমলাপুর হয়ে মেঘনাঘাট এবং ঘাটারচর থেকে মোহাম্মদপুর টাউন হল, আসাদগেট, কলাবাগান, কাকরাইল, শাপলাচত্বর, দয়াগঞ্জ ও পোস্তগোলা হয়ে নারায়ণগঞ্জ।
আজ সোমবার নগর ভবনে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভা শেষে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস এ সব তথ্য জানান।
মেয়র বলেন, 'গ্রিন ক্লাস্টারের ৮টি রুটের মধ্যে গত বছরের ২৬ ডিসেম্বর আমরা ১টি কোম্পানির অধীনে ঘাটারচর থেকে কাঁচপুর রুটে বাস সার্ভিস চালু করেছি। এখন যত তাড়াতাড়ি সম্ভব সব বাসকে একটি কোম্পানির অধীনে নিয়ে এসে রুটগুলো চালুর সিদ্ধান্ত নিয়েছি।'
তিনি জানান, গ্রিন ক্লাস্টারের ৮টি রুটকে ১টি কোম্পানির আওতায় নিয়ে আসা হবে এবং ধীরে ধীরে পুরো ঢাকার সবগুলো রুটের বাস সার্ভিস এ ব্যবস্থায় চলবে।
মেয়র বলেন, 'ঘাটারচর থেকে কাঁচপুর পাইলট রুটের সার্ভিস ভালো চলছে এবং যাত্রীরা এর সেবায় খুশি আছে।
এ রুটে আরও ৬৫টি নতুন বাস আনার জন্য কাজ চলছে বলে জানান তিনি।
মেয়র তাপস বলেন, 'নতুন ৩ রুটের বাস সার্ভিস নিয়ে একটি টিম কাজ করছে এবং কমিটির পরবর্তী সভায় তারা এর বাস্তবায়নের বিষয়ে সুপারিশ পেশ করবে।'
সময়মতো বাস না পাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, 'প্রতি ৫ মিনিট পর পর বাস ছাড়ছে।'
এ ধরনের কোনো অভিযোগ এখনও পাওয়া যায়নি বলে জানান তিনি।
বিআরটিসির ৩০টি ডাবল ডেকারসহ ৫০টি বাস নিয়ে ঘাটারচর-কাঁচপুর রুটে গত বছরের ২৬ ডিসেম্বর বাস সার্ভিস চালু করে ডিএসসিসি।
