চকরিয়ায় ৬ ভাই নিহতের ঘটনা পূর্বপরিকল্পিত কি না, তদন্তের আহ্বান রানা দাশগুপ্তের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ ভাইয়ের মৃত্যুর ঘটনায় শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। ঘটনাটি দুর্ঘটনা নাকি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড তা খতিয়ে দেখতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

আজ বুধবার বিকেলে ঐক্য পরিষদের নেতারা চকরিয়ার মালুমঘাটে পরিবারটির সঙ্গে দেখা করতে যান।

এ সময় কক্সবাজারের জেলা প্রশাসক মামুনুর রশিদসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কক্সবাজার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে ছিলেন।

রানা দাশগুপ্ত বলেন, 'প্রত্যক্ষদর্শীরা বলেছে যে ঘাতক পিকআপ ভ্যানটি ৭ ভাই ও ১ বোনকে চাপা দেওয়ার পর, সেটি আবার ঘুরে এসে আহতদের পিষে দিয়ে চলে যায়।'

'যদি এটা সত্যি হয়, তাহলে চালক ইচ্ছাকৃতভাবে গাড়িটিকে পেছনে ঘুরিয়েছেন, নাকি অন্য কোনো কারণে এটা করেছেন, তা তদন্ত করা পুলিশের দায়িত্ব,' যোগ করেন তিনি।

তিনি আরও বলেন, 'ঘটনাটি পূর্বপরিকল্পিত হলে এ ঘটনায় হওয়া মামলার অভিযোগের ধারাগুলো পরিবর্তন করতে হবে। কারণ, পূর্বপরিকল্পিত হত্যার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু দায়েরকৃত মামলার শাস্তি সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড।'

এ সময় রানা দাশগুপ্ত বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের পক্ষ থেকে পরিবারটির কাছে কিছু আর্থিক ও খাদ্য সহায়তা হস্তান্তর করেন।

গত ৮ ফেব্রুয়ারি বাবার শ্রাদ্ধানুষ্ঠানে গিয়ে ফেরার পথে ওই পরিবারের ৯ ভাইবোনের মধ্যে ৫ ভাইয়ের মৃত্যু হয়। নিহতরা হলেন-অনুপম শীল (৪৭), নিরুপম শীল (৪৫), দীপক শীল (৪০) ও চম্পক শীল (৩০) ও স্মরণ সুশীল (২৯)। এ দুর্ঘটনায় রক্তিম ও প্লাবন ২ ভাই এবং আরেক বোন হীরা আহত হন। আহত রক্তিম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে মারা যান।

এ ঘটনায় প্লাবন বাদী হয়ে চকরিয়া থানায় একটি মামলা করেছেন।