চট্টগ্রামে ধর্ষণ: ৯৯৯ নম্বরে কল করা রিকশাচালক পুরস্কৃত
চট্টগ্রামে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জাতীয় জরুরি নম্বর ৯৯৯ এ কল করে পুলিশকে খবর দেওয়া রিকশাচালককে পুরস্কৃত করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)।
বুধবার দুপুরে সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায় রিকশাচালক আবদুল হান্নানের হাতে পুরস্কার হিসেবে নগদ অর্থ তুলে দেন।
এ তথ্য নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার শাহাদাত হুসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'অপরাধ সংগঠিত হতে দেখে রিকশাচালক আবদুল হান্নান নাগরিক দায়িত্ব পালন করেছেন। ৯৯৯ নম্বরে কল দিয়ে তিনি অপরাধীকে ধরতে সাহায্য করেছেন।'
গত রোববার দিবাগত রাতে নগরের জিইসি মোড় এলাকায় এক গৃহবধূকে ধর্ষণ করে ৬ দুর্বৃত্ত। বিষয়টি জানতে পেরে রিকশাচালক আবদুল হান্নান ৯৯৯ এ ফোন করেন।
ফোন পেয়ে খুলশী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করে এবং ৩ জনকে আটক করে। পরে আরও ৩ জনকে আটক করে পুলিশ।
এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
ভবিষ্যতে সাধারণ মানুষ যেন ৯৯৯ নম্বরে কল দিয়ে অপরাধের খবর জানায়, সে বিষয়ে উৎসাহ দিতে রিকশাচালক হান্নানকে পুরস্কৃত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
