চট্টগ্রাম থেকে হাতিয়া ও সন্দ্বীপে ঈদযাত্রী পরিবহন করবে বিআইডব্লিউটিসির ৩ জাহাজ
ঈদ উপলক্ষে চট্টগ্রাম থেকে হাতিয়া রুটে প্রতিদিন দুইটি জাহাজ এবং কুমিরার গুপ্তছড়া ঘাট-সন্দ্বীপ রুটেও একটি জাহাজ দিয়ে দুই ট্রিপে যাত্রী পরিবহনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
হাতিয়া রুটে আগামী শনিবার থেকে এমভি বার আউলিয়া এবং এমভি তাজউদ্দিন যাত্রী পরিবহন শুরু করবে। এই দুই জাহাজের প্রত্যেকটির ধারণ ক্ষমতা এক হাজার হলেও ঈদে বাড়তি সংখ্যক যাত্রী পরিবহন করা হবে বলে জানা গেছে।
অপরদিকে এমভি আইভি রহমান সীতাকুণ্ডের কুমিরা থেকে সন্দ্বীপের গুপ্তছড়া ঘাটে এতোদিন শুধুমাত্র একবার আসা যাওয়া করলেও ঈদ উপলক্ষে গত সোমবার থেকে ডাবল ট্রিপ শুরু হয়েছে।
এ ব্যাপারে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চট্টগ্রাম অঞ্চলের ডিজিএম (কর্মাশিয়াল) গোপাল চন্দ্র মজুমদার ডেইলি স্টারকে বলেন, ঈদে সদরঘাট থেকে প্রতিদিন হাতিয়া রুটে দুটি জাহাজ যাবে। অগ্রিম টিকিটের যাত্রী পরিবহন শনিবার থেকে শুরু হবে। চট্টগ্রামের সদরঘাট বিআইডব্লিউটিসির অফিসে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে। কুমিরা-গুপ্তছড়া রুটে গত রোববার থেকে এমভি আইভি রহমান জাহাজের ডাবল ট্রিপ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম থেকে হাতিয়া রুটের এমভি বার আউলিয়ার ধারণ ক্ষমতা এক হাজার এবং এমভি তাজউদ্দিনের ধারণ ক্ষমতা এক হাজার। হাতিয়া রুটে একটি সকাল ১০টায় এবং আরেকটি বিকেলে যাবে।
অপরদিকে কুমিরা গুপ্তছড়া রুটে চলাচলরত এমভি আইভি রহমান প্রথমে সকাল ৭টায় গুপ্তছড়া ঘাট থেকে ছাড়বে। এরপর সকাল ৯টায় কুমিরা থেকে ছাড়বে। অপরদিকে বেলা ১১টায় আবার গুপ্তছড়া ঘাট থেকে ছাড়বে এবং বিকাল ৩টায় কুমিরা থেকে ছাড়বে গুপ্তছড়ার উদ্দেশে।