চমেক শিক্ষার্থী আকিবের মাথার খুলির হাড় প্রতিস্থাপিত
প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত চট্টগ্রাম মেডিকেল কলেজের (চমেক) দ্বিতীয় বর্ষের ছাত্র মাহাদি আকিবের মাথার খুলির হাড় প্রতিস্থাপন করা হয়েছে।
আজ সোমবার তার সফল অস্ত্রোপচার হয়েছে।
এই অস্ত্রোপচারের মাধ্যমে তার মাথার খুলির হাড়ের একটি অংশ সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে বলে জানিয়েছেন চমেক নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. নোমান খালেদ চৌধুরী।
তিনি জানান, অস্ত্রোপচারটি আজ সকাল সোয়া ৯টা থেকে বিকাল সোয়া ৩টা পর্যন্ত চলেছে এবং এখন তাকে পোস্ট অপারেটিভে পর্যবেক্ষণ করা হচ্ছে।
ডা. নোমান খালেদ বলেন, 'আকিবের মাথার খুলির হাড় ভেঙে গেছে। সেগুলো তার শরীরের অন্য অংশে সংরক্ষণ করা হয়েছিল যাতে তার স্বাস্থ্যের অবস্থার উন্নতি হলে সেগুলো প্রতিস্থাপন করা যায়।'
তিনি আরও বলেন, 'এখন তার স্বাস্থ্যের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় আমরা মাথার খুলির হাড় প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নেই।'
গত বছর ৩০ অক্টোবর প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত আকিবকে মস্তিষ্কে অস্ত্রোপচারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে রাখা হয়। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে পরদিন বিকেলে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।
চমেক নিউরোসার্জারি বিভাগে অস্ত্রোপচার করে আকিবের ফেটে যাওয়া মাথার খুলির কিছু অংশ সরিয়ে তার পেটের চামড়ার নিচে স্থাপন করা হয়, যাতে তা পরবর্তীতে প্রতিস্থাপন করা যায়।
সহপাঠীরা অভিযোগ করেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী ছাত্রলীগের কর্মীদের মধ্যে সংঘর্ষে আকিব গুরুতর আহত হন।
