ছাত্রলীগ নেত্রীর বিরুদ্ধে শহীদ মিনারে আরেক নেতার মাথা ফাটানোর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, ঢাবি

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে গিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক নেত্রী সংগঠনটির সাবেক এক নেতার মাথা ফাটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

গতকাল রোববার ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত বেনজীর হোসেন নিশি বাংলাদেশ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। আহত এহসানুল হক ইয়াসির ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনি এখন বাসায় আছেন।

ইয়াসির দ্য ডেইলি স্টারকে বলেন, ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে লাইনে দাঁড়িয়ে ছিলেন। মূল বেদীর দিকে অগ্রসর হওয়ার সময় কেউ একজন সেখানে থাকা বেনজীর হোসেন নিশিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে নিশি ক্ষিপ্ত হয়ে ভুল বুঝে তাকে মোবাইল দিয়ে কপালে আঘাত করেন। এতে ইয়াসিরের কপাল কেটে রক্ত বের হতে থাকে। এরপর ছাত্রলীগের নেতা-কর্মীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বেনজীর হোসেন নিশি দ্য ডেইলি স্টারকে বলেন, 'এ ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। ষড়যন্ত্র করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে এ অভিযোগ তোলা হচ্ছে। আমি ঘটনাস্থলে ছিলামই না। তবে শুনেছি শ্লীলতহানির ঘটনায় একজন মারধরের শিকার হয়েছেন।'

এর আগে বেনজীর হোসেন নিশির বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ফাল্গুনী দাসের ওপর হামলার অভিযোগ উঠেছিল। ২০২০ সালের ডিসেম্বরে ফাল্গুনীর করা মামলায় ওই নেত্রীসহ ৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। ওই মামলায় জামিনে আছেন তারা।