জনগণের অর্থ জনস্বার্থে ব্যবহার নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির
জনগণের অর্থ যেন জনস্বার্থে ব্যবহৃত হয় তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
আজ রোববার সন্ধ্যায় মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মোহাম্মদ মুসলিম চৌধুরী (সিএজি) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে বার্ষিক অডিট ও হিসাবের প্রতিবেদন জমা দেন। এ সময় রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
মহাহিসাব নিরীক্ষক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, 'সরকারি অর্থ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে নিরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
অনিষ্পত্তিকৃত নিরীক্ষা আপত্তি যথাসময়ে নিষ্পত্তি করতে নিরীক্ষা কার্যক্রম জোরদার করার বিষয়ে সিএজিকে নির্দেশ দেন রাষ্ট্রপতি।
পরে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মেজবাহ উদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে কাউন্সিলের প্রথম বার্ষিক প্রতিবেদন জমা দেন।
এ সময় অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রতিবেদনের বিভিন্ন দিক এবং কাউন্সিলের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে জানান।
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষা ও গবেষণাসহ সার্বিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে অ্যাক্রিডিটেশন কাউন্সিলকে ভূমিকা রাখার নির্দেশ দেন।
তিনি উচ্চ শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম মনিটরিংয়ের আওতায় আনারও পরামর্শ দেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।