পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মানবাধিকার সেল গঠনের কথা ভাবছে সরকার

স্টার অনলাইন রিপোর্ট

দেশের মানবাধিকার পরিস্থিতি বিশ্লেষণ ও তা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যথাযথভাবে তুলে ধরতে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের অধীনে একটি মানবাধিকার সেল গঠনের কথা ভাবছে।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন আজ সোমবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের বলেন, 'জাতিসংঘ অনুবিভাগের একজন পরিচালক মানবাধিকার সেলের দায়িত্বে থাকবেন, যাতে আমরা মানবাধিকার বিষয়গুলোকে আরও গুরুত্ব দিতে পারি।'

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের ঘটনায় র‌্যাব এবং এর সাত বর্তমান ও সাবেক কর্মকর্তার ওপর গত ১০ ডিসেম্বর মার্কিন নিষেধাজ্ঞা আরোপের পর এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এছাড়া নভেম্বরে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এক চিঠিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে র‌্যাবকে নিষিদ্ধ করার আহ্বান জানায়। বাংলাদেশ জাতিসংঘ মিশনে সর্বোচ্চ সেনা প্রেরণকারী দেশগুলোর একটি।

গেল ২০ জানুয়ারি ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভান স্টিফানেস ইউরোপীয় ইউনিয়ন ফর ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড সিকিউরিটি পলিসির হাই রিপ্রেজেন্টেটিভ জোসেপ বোরেলকে লেখা এক চিঠিতে অসংখ্য বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের সঙ্গে জড়িত থাকার কথা উল্লেখ করে র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান।

ডিসেম্বরের শেষ দিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। তিনি র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার অনুরোধ জানিয়ে তাকে চিঠিও লেখেন। একই ইস্যুতে পররাষ্ট্রমন্ত্রী মার্কিন সিনেটর ও কংগ্রেসম্যানদেরও চিঠি দিচ্ছেন।

পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন অনেকবার বলেছেন, বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি জাতিসংঘ বা অন্যান্য আন্তর্জাতিক সংস্থার কাছে যেভাবে তুলে ধরা হয়েছে তা পুরো সত্য নয়।

তিনি বলেন, 'আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সম্পূর্ণ সত্য তুলে ধরতে চাই, বিশেষ করে যারা জেনেভা এবং নিউইয়র্কে মানবাধিকার নিয়ে কাজ করে।'

তিনি বলেন, 'মানবাধিকার নিয়ে বাংলাদেশের অনেক অর্জন আছে এবং সেগুলোও তাদের সামনে তুলে ধরা হবে।

মাসুদ বিন মোমেন বলেন, 'সেক্ষেত্রে লবিস্ট নিয়োগের প্রয়োজন হলে, আমরা তাও করব।'

তিনি আরও বলেন, কোভিড -১৯ পরিস্থিতি নিয়ে সমস্যা না হলে, সরকার যুক্তরাষ্ট্রের সাথে মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনেরও চেষ্টা করছে।'

নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাসও র‌্যাবের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে বিভিন্ন পর্যায়ে কাজ করছে বলে পররাষ্ট্র সচিব জানিয়েছেন।