জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের প্রথম নারী সভাপতি হলেন রাবাব ফাতিমা

স্টার অনলাইন রিপোর্ট

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রাবাব ফাতিমা জাতিসংঘ শান্তি বিনির্মাণ কমিশনের (পিবিসি) সভাপতি নির্বাচিত হয়েছেন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মঙ্গলবার পিবিসির চেয়ার ও ভাইস-চেয়ারদের নির্বাচন অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত ফাতিমা পিবিসির প্রথম নারী হিসেবে এ কমিশনের সভাপতি নির্বাচিত হলেন।

জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশ স্থায়ী মিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পিস বিল্ডিং কমিশন বা পিবিসি একটি আন্তঃসরকারি উপদেষ্টা সংস্থা। সংস্থাটি সংঘাতে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে শান্তি বিনির্মাণের জন্য কাজ করে, যেন সংঘাতের পুনরাবৃত্তি রোধ করা যায় এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা যায়।

জাতিসংঘের সাধারণ পরিষদ, নিরাপত্তা পরিষদ ও ইকোসক থেকে নির্বাচিত ৩১ জন সদস্যের সমন্বয়ে ২০০৫ সালে পিবিসি প্রতিষ্ঠিত হয়।

জাতিসংঘ ব্যবস্থায় শীর্ষ আর্থিক অবদানকারী এবং শীর্ষ শান্তরক্ষী পাঠানো দেশগুলোও এ কমিশনের সদস্য।