জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত

স্টার অনলাইন রিপোর্ট

সারাদেশে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসাহ, আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে মুসলমানদের দ্বিতীয় সর্বোচ্চ ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। 

আজ রোববার সকাল থেকেই রাজধানীসহ সারাদেশে সরকারি-বেসরকারি উদ্যোগে ঈদ জামাত অনুষ্ঠিত হচ্ছে।

eidgah_ds.jpg
জাতীয় ঈদগাহে নামাজ আদায় শেষে কোলাকুলি করছেন মুসল্লিরা। ছবি: প্রবীর দাশ/স্টার

করোনা মহামারির কারণে গত ২ বছর হাইকোর্ট–সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদের জামাত হয়নি। সর্বশেষ গত ঈদুল ফিতরে সেখানে ঈদের জামাত হয়। এবার সকাল ৮টায় সেখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা করা হয়।

জাতীয় ঈদগাহ ও এর আশপাশের এলাকায় আজ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, মুসলিম বিশ্বের কূটনীতিকসহ আরও অনেকেই জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন।

baitul-mokarram2_ds.jpg
বায়তুল মোকাররমে নামাজ আদায় করছেন মুসল্লিরা। ছবি: প্রবীর দাশ/স্টার

সকাল ৭টা থেকে ঈদের জামাত শুরু হয়েছে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। সকাল ৮টায় অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় জামাত। একেক ঘণ্টার ব্যবধানে বেলা ৯টায় তৃতীয়, ১০টায় চতুর্থ ও পৌনে ১১টায় শেষ ঈদ জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররমে।