‘জাপান সব সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং জনগণের পাশে থাকবে’
জাপান এবং জাইকার সহযোগিতা নারায়ণগঞ্জের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি বলেছেন, 'দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জাপান সব সময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এবং জনগণের পাশে থাকবে।'
আজ বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সফরে গিয়ে নিতাইগঞ্জ এলাকায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্মাণাধীন নগর ভবনের মেয়র কার্যালয়ে জাপানের রাষ্ট্রদূত এসব কথা বলেন।
জাপানের রাষ্ট্রদূত বলেন, 'বাংলাদেশের উন্নয়নের জন্য নারায়ণগঞ্জের উন্নয়ন খুবই প্রয়োজন। আমি নিশ্চিত, ঢাকা এবং বাংলাদেশ আরও বেশি উন্নয়ন করতে সক্ষম হবে।'
রাষ্ট্রদূত নাওকি আরও বলেন, '২০১৯ সালের ডিসেম্বরে আমি এখানে এসেছিলাম। যখন সিটি করপোরেশনের পুরানো ভবন ছিল। তাই আমি নারায়ণগঞ্জ পরিদর্শন করতে চেয়েছি। কারণ জাপানের নারুতো সিটির সিস্টার সিটি 'নারায়ণগঞ্জ'। এই দুই সিটি জাপান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক তৈরি করেছে। সেই দিক থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন জাপান ও বাংলাদেশের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'
তিনি আরও বলেন, 'আমি বিভিন্ন প্রজেক্ট সাইট, বিশেষ করে জাইকার উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন করেছি। বিনিয়োগ খুব বেশি বড় না। তবে এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রকল্প। জাইকা বাংলাদেশের কিছু সংখ্যাক সিটি করপোরেশনের কাজ করেছে। সেখানে তারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশনকে উন্নয়নের জন্য পছন্দ করেছে। আমি আশা করি, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অবকাঠামোগত উন্নয়নে জাপান আরও বেশি সহযোগিতা করবে।'
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, 'রাষ্ট্রদূত আমাদের কাজগুলো দেখতে এসেছেন। এ ছাড়া জাইকার যেসব প্রজেক্ট হচ্ছে, আমরা সেটা ঘুরে দেখিয়েছি। সিদ্ধিরগঞ্জে লেক, শহরের শেখ রাসেল পার্ক, নগর ভবন, চুনকা পাঠাগার ও চারুকলা ইনস্টিটিউট দেখানো হয়েছে। এটা সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ ছিল। এজন্য আমরা উনাকে স্বাগত জানাই।'
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিও) আবুল আমিন জানান, দুপুর দেড়টায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলে নির্মাণাধীন লেক ও ওয়াকওয়ে সৌন্দর্য্য বর্ধন কাজ পরিদর্শন করেন রাষ্ট্রদূত আইটিও নাওকি। পরে নিতাইগঞ্জে নগর ভবনের সম্মেলন কক্ষে মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর সভাপতিত্বে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন। এ সময় সিটি করপোরেশনের পক্ষ থেকে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করা হয়। পরে বিকেল ৪টায় শহরের দেওভোগ এলাকায় শেখ রাসেল নগর পার্ক ও লেক উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। পাশাপাশি নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট (আর্ট কলেজ) পরিদর্শন করেন রাষ্ট্রদূত। সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।