জার্মান পার্লামেন্টে সামাজিক ব্যবসা মডেলে ওষুধ কোম্পানি তৈরির প্রস্তাব ড. ইউনূসের

স্টার অনলাইন রিপোর্ট

যাবতীয় টিকা ও ওষুধ দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে জার্মান পার্লামেন্টে সামাজিক ব্যবসার মডেলে ওষুধ কোম্পানি তৈরির প্রস্তাব তুলে ধরেছেন নোবেল লরিয়েট অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ শনিবার ইউনূস সেন্টার থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ সময় অধ্যাপক ইউনূস নিম্ন আয়ের দেশগুলোর মানুষের কাছে টিকা পৌঁছে দিতে বৈশ্বিক ব্যবস্থার ভয়াবহ ব্যর্থতার চিত্র তুলে ধরেন।

তিনি মেধাস্বত্ব প্রত্যাহারের মাধ্যমে টিকাকে একটি সর্বসাধারণের পণ্যে পরিণত করার প্রচারাভিযানে সমর্থন দিতে পার্লামেন্ট সদস্যদের প্রতি আহ্বান জানান।

জার্মান সরকারের শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের পার্লামেন্টারি সেক্রেটারি মারিও ব্র্যান্ডেনবার্গ প্রফেসর ইউনূসকে গত ২ জুন অনুষ্ঠিত জার্মান পার্লামেন্ট বুন্ডেসটাগের 'পার্লামেন্টারি ব্রেকফাস্টে' আমন্ত্রণ জানান।

মারিও ব্র্যান্ডেনবার্গের সঞ্চালনায় ৪ ঘণ্টা ধরে চলা এই অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের ১০ জন পার্লামেন্ট সদস্য।

ycpr-04062022-photo3.jpg
গত ২ জুন ২০২২ অনুষ্ঠিত জার্মান পার্লামেন্টের ‘পার্লামেন্টারি ব্রেকফাস্টে’ আলোচনারত (বাম থেকে) প্রফেসর ইউনূস, জার্মান সরকারের শিক্ষা ও গবেষণা মন্ত্রণালয়ের পার্লামেন্টারি সেক্রেটারি মারিও ব্র্যান্ডেনবার্গ। ছবি: সংগৃহীত

অধ্যাপক ইউনূসকে আমন্ত্রণ জানানো হয়েছিল বিশ্বব্যাপী দারিদ্র্য বৃদ্ধির বর্তমান প্রবণতা, নিম্ন আয়ের মানুষের ওপর মহামারির প্রভাব, বিশ্বজুড়ে ইউক্রেন যুদ্ধের প্রতিক্রিয়া এবং সামাজিক ব্যবসার ধারণা প্রয়োগের মাধ্যমে এসব সমস্যা মোকাবিলার অভিজ্ঞতা বিষয়ে বক্তৃতা দিতে।

মারিও ব্র্যান্ডেনবার্গ অনুষ্ঠানে অংশগ্রহণকারী পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে বলেন, তিনি এর মধ্যে একটি প্রস্তাব পেশ করেছেন যেখানে এই উদ্দেশ্যে একটি সামাজিক ব্যবসা উদ্যোগের জন্য ব্যাপক রাষ্ট্রীয় সমর্থনের আহ্বান জানিয়েছেন। উপস্থিত পার্লামেন্ট সদস্যদের সবাই একমত হন যে, সমাজের বিভিন্ন সমস্যার সমাধানে সামাজিক ব্যবসা উদ্যোগ একটি কার্যকর, টেকসই ও দীর্ঘমেয়াদী কর্মপন্থা হতে পারে।

সভায় উপস্থিত ছিলেন, পার্লামেন্ট সদস্য ড. হলজের বেকার (এসপিডি), ফ্রাঙ্ক মুলার-রোজেনট্রিট (এফডিপি), সান্দ্রা বুবেনডরফের-লাইক্ট (এফডিপি), ভল্কমার ক্লাইন (সিডিইউ), ড. ক্রিস্টিয়ানে শেন্ডারলাইন (সিডিইউ), আলেকজান্ডার র্যাডওয়ান (সিএসইউ) এবং ক্যানান বেরাম (বুন্ডনিস ৯০/দি গ্রুনেন)।

প্রফেসর ইউনূস 'ইউনূস সোশ্যাল বিজনেস' এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বার্লিন সফর করছেন। বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার তত্ত্ব ও চর্চা সম্প্রসারিত করতে ১০ বছর আগে বার্লিনে ইউনূস সোশ্যাল বিজনেস নামে একটি সামাজিক ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হয়।

সাসকিয়া ব্রুয়েস্টেনের নেতৃত্বে প্রতিষ্ঠানটি ব্রাজিল, ভারত, কলম্বিয়া, উগান্ডা, কেনিয়া ও রুয়ান্ডায় সামাজিক ব্যবসা গড়ে তুলতে প্রত্যক্ষভাবে কাজ করে আসছে।

ইউনূস সোশ্যাল বিজনেস কোম্পানি এরই মধ্যে ৫টি দেশে ২ হাজার ৭০টি সামাজিক ব্যবসা গড়ে তুলতে ১ দশমিক ৮০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে। এসব ব্যবসায়ে এ পর্যন্ত ১৩ লাখ মানুষের কর্মসংস্থান হয়েছে এবং ১ দশমিক ৭৮ কোটি মানুষ এসব ব্যবসা থেকে প্রত্যক্ষভাবে উপকৃত হচ্ছেন।

ইউনূস সোশ্যাল বিজনেসের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয় গত ২ জুন। আয়োজনে যোগ দেন এই কার্যক্রমে সংযুক্ত সব দেশের ১৫০ জন প্রতিনিধি ও ঊর্ধ্বতন নির্বাহীরা। অনুষ্ঠানে আরও অংশ নেন জার্মানিসহ ইউরোপের অন্যান্য দেশ থেকে আসা ইউনূস সোশ্যাল বিজনেসের সমর্থক, করপোরেট নেতৃবৃন্দ এবং মিডিয়া প্রতিনিধি।

অধ্যাপক ইউনূস বলেন, তিনি আনন্দিত যে, মাত্র বিশের কোঠায় বিশ্ববিদ্যালয় থেকে সদ্য পাশ করা ২ জন জার্মান তরুণী শূন্য হাতে ইউনূস সোশ্যাল বিজনেসের গোড়াপত্তন করেছিলেন। তাদের নেতৃত্বে প্রতিষ্ঠানটি আজ বিশ্বের লাখো মানুষের কাছে পৌঁছে গেছে। অনুষ্ঠানে বিভিন্ন দেশ থেকে আগত প্রতিনিধিরা তাদের এ পর্যন্ত বিভিন্ন অর্জন এবং আগামী এক দশকের কর্মপরিকল্পনা তুলে ধরেন।