টিকা নিয়ে ২ কিশোর সীমান্ত দেখতে গিয়ে বিএসএফের হাতে আটক, অতঃপর...

নিজস্ব সংবাদাতা, দিনাজপুর

দিনাজপুরের হিলি সীমান্তে ঘুরতে গিয়ে বিএসএফের হাতে আটক হওয়া দুই কিশোরকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বিজিবির কর্মকর্তারা জানান, ঘটনার প্রায় সাড়ে ৫ ঘণ্টা পর আজ বিকেলে বিএসএফ দুই কিশোরকে বিজিবির কাছে হস্তান্তর করে।

তারা হাকিমপুর উপজেলার আলীহাট গাজি আমিনিয়া মাদ্রাসার দশম ও অষ্টম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, এই দুই ছাত্র আজ সকালে হাকিমপুর শহরে করোনা টিকা নেওয়ার জন্য গিয়েছিল। হিলি আমদানিকারক ও রপ্তানিকারক গ্রুপ কেন্দ্রে তারা টিকা নিয়ে সীমান্ত দেখতে যায়। অসাবধানতায় সীমান্ত পেরিয়ে গেলে বিএসএফ তাদের ধরে নিয়ে যায়।

হিলি সিপি ক্যাম্পের বিজিবি কোম্পানি কমান্ডার সুবেদার মো. আলম জানান, ঘটনা জানতে পেরে বিজিবি তাদের ফিরিয়ে আনতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। বিকেল পৌনে ৫টার দিকে সীমান্ত রেখায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফ দুই কিশোরকে ফিরিয়ে দিতে সম্মত হয়।

পরে বিকেল সাড়ে ৫টার দিকে তারা দেশে ফিরে আসে।