টিকা সনদ না থাকলে মার্চ থেকে মিলবে না ডিএনসিসির সেবা

স্টার অনলাইন রিপোর্ট

মার্চ থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) যে কোনো ধরনের সেবা পেতে দেখাতে হবে করোনা টিকার সনদ।

আজ বৃহস্পতিবার রাজধানীর গুলশান-২ ডিএনসিসি মার্কেটের সামনে করোনা গণটিকাদান কর্মসূচিতে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এ কথা বলেছেন।

এ সময় মেয়র বলেন, 'সরকার সবার জন্য টিকার ব্যবস্থা করেছে। কেউ টিকা নেবে, কেউ নেবে না, তা হবে না। সবাইকে টিকার আওতায় আসতে হবে। টিকা সম্পূর্ণ বিনামূল্যে। তাই ডিএনসিসি এলাকার যে সব বাসিন্দারা অন্তত ১ ডোজ টিকাও নেবে না, ১ মার্চ থেকে তাদের সেবা প্রদান বন্ধ করে দেবে ডিএনসিসি।'

এ সময় মেয়র নগরবাসীকে টিকা নিয়ে নিজেকে, পরিবারকে ও শহরকে সুরক্ষিত রাখার আহ্বান করেন।

তিনি আরও বলেন, 'ট্রেড লাইন্সেসপ্রাপ্তি ও নবায়নের ক্ষেত্রে অবশ্যই টিকা সনদ দেখাতে হবে।'

অন্যান্য সেবা পেতেও টিকা সনদের আবশ্যকতার বিষয় উল্লেখ করেন তিনি।

মেয়র আতিকুল বলেন, 'দেশ ও দশের সুরক্ষা নিশ্চিত করতে এবং করোনামুক্ত ঢাকা গড়তে সবার জন্য টিকার ব্যবস্থা করা হয়েছে। যাদের জন্ম সনদ বা জাতীয় পরিচয়পত্র নেই তারাও ডিএনসিসির আওতাধীন ৫৪টি ওয়ার্ডে স্থাপিত টিকা কেন্দ্র থেকে টিকা গ্রহণ করতে পারবে।'

'১৮ বছরের নিচে যারা আছে তাদের জন্য প্রতিটি ওয়ার্ডে একটি করে আলাদা বুথের ব্যবস্থা থাকবে,' বলেন তিনি।

রেজিস্ট্রেশন ছাড়া যারা ডিএনসিসির বুথ থেকে টিকা নেবেন, তাদের তাৎক্ষণিকভাবে টিকা সনদ দেওয়া হবে বলে জানান তিনি।

তিনি বলেন, 'টিকা নিতে কোনো টাকা লাগে না। সবার উচিত এই সুযোগে টিকা নিয়ে নেওয়া। এটা সবার জন্যই মঙ্গলজনক।'

গণটিকা কার্যক্রম উদ্বোধন শেষে মেয়র শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রাটি গুলশান-২ থেকে শুরু করে গুলশান-১ এর সড়কগুলো প্রদক্ষিণ করে তিতুমীর কলেজ প্রাঙ্গণ হয়ে মহাখালী কাঁচাবাজার এলাকায় গিয়ে শেষ হয়।

ডিএনসিসি আয়োজিত এই শোভাযাত্রায় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ও স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ টিকাবিষয়ক কমিটির সভাপতি মীরজাদী সেব্রিনা ফ্লোরা অংশগ্রহণ নেন।

ডিএনসিসির নিয়ন্ত্রণাধীন ৫টি নগর মাতৃসদনে এখন পর্যন্ত মোট ১২ লাখ ৬০ হাজার জনকে টিকা দেওয়া হয়েছে। এছাড়া গণটিকার আওতায় ২ লাখ ২৯ হাজার ৬২৩ জনকে টিকা দেওয়া হয়েছে।

উত্তর সিটি কর্পোরেশনের ৫৪টি ওয়ার্ডে ৫৪টি টিকা কেন্দ্র আছে, এতে বুথ আছে ৪৮৬টি। এ ছাড়া জরুরি বিবেচনায় ৪টি কমিউনিটিতে ৪টি কেন্দ্র চালু করা হয়।