ট্রাকের পেছনে পণ্য নেওয়া অপমানজনক: জাফরুল্লাহ চৌধুরী

নিজস্ব সংবাদদাতা, সাভার

রাস্তার উপর দাঁড়িয়ে টিসিবির পণ্য নেওয়াকে অত্যন্ত অপমানজনক হিসেবে উল্লেখ করে দরিদ্রদের জন্য রেশন ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী।

আজ বুধবার দুপুরে সাভারে গণ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি জানান।

রেশন ব্যবস্থা চালুর দাবি জানিয়ে প্রধানমন্ত্রীর উদ্দেশে ডা. জাফরুল্লাহ বলেন, 'আমি বারবার বলেছি মাননীয় প্রধানমন্ত্রী আপনি রেশনিং চালু করেন। রাস্তার উপর দাঁড়িয়ে টিসিবির পণ্য নেওয়া অত্যন্ত অপমানজনক। কল্যাণ রাষ্ট্র করার জন্য আপনি সারা বাংলাদেশকে আলোকিত করেছেন। আপনাকে অভিনন্দন জানাই। কিন্তু সেই আলো যদি কৃষকের বাড়িতে না যায় তাহলে তো আমাদের ব্যর্থতা।'

খালেদা জিয়ার জামিন প্রশ্নে ডা. জাফরুল্লাহ বলেন, জামিন পাওয় খালেদা জিয়ার মানবিক অধিকার, নৈতিক অধিকার। খালেদা জিয়া তো কাউকে খুন করেননি। আমি মনে করি ন্যায়ের খাতিরে তাকে জামিন দেওয়া উচিত।

মির্জা ফখরুলের এক কথার জবাবে তিনি বলেন, তিনি কী বলেছেন তাতে তো আমার কিছু বলার নেই। তারা যদি হারিকিরি করতে চান, আমার কিছু করার নেই। আমি বলব যে, আন্দোলন করে দলীয় সরকারকে অবসান ঘটাতে হবে। নির্বাচনে সবাইকে অংশ নিতে হবে। এই নির্বাচন কমিশনকে তাদের মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে। এটা করতে না পারলে তাদের পদত্যাগ করা উচিত। 

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি আরও বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্র না আনতে পারলে, মানুষ ভোট দিতে না পারলে, জাতির ইতিহাসে আপনি অধঃপতিত হবেন। কিন্তু আপনার অনেক ভালো কাজ আছে। আমরা মনে করি আপনি সাহস করে সুষ্ঠু নির্বাচন দেন৷ আপনি জয়ী হবেন।'