ট্রেনে জয়দেবপুর থেকে কমলাপুরে আসা শিশু বাবা-মাকে খুঁজছে
জয়দেবপুর থেকে ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস ট্রেনে গত মঙ্গলবার রাতে একটি শিশুকে পাওয়া গেছে। শিশুটির বয়স দুই থেকে আড়াই বছর। বর্তমানে সে কমলাপুর রেলওয়ে থানায় আছে।
কমলাপুর রেলওয়ে থানার পুলিশের উপপরিদর্শক রিয়াজ আজ বুধবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতকাল রাতে জয়দেবপুর থেকে ঢাকাগামী তুরাগ এক্সপ্রেস ট্রেন থেকে কিছু যাত্রী শিশুটিকে কুড়িয়ে পায়। পরে আনুমানিক ১২টার দিকে তারা শিশুটিকে থানায় জমা দিয়েছেন। এখন পর্যন্ত শিশুটির জন্য কেউ যোগাযোগ করেননি।'
তিনি বলেন, 'শিশুটি বর্তমানে থানায় আমাদের হেফাজতে আছে। শিশুটিকে কোথায় রাখা যায় সেটি নিয়ে কাজ করছি। আপাতত কোনো একটি আবাসন কেন্দ্রে রাখার কথা ভাবছি। প্রকৃত অভিভাবক না পাওয়া পর্যন্ত সেখানেই রাখা হবে।'