ডিলারশিপ ছাড়া তেল বিক্রি, চট্টগ্রামে পেট্রোলপাম্প সিলগালা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ডিলারশিপ ছাড়া তেল বিক্রির অভিযোগে চট্টগ্রামের সল্টগোলা এলাকায় একটি ফিলিং স্টেশন সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বুধবার দুপুরে পতেঙ্গা সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিশান বিন মাজেদের নেতৃত্বে পরিচালিত আদালত ফিলিং স্টেশনটি সিলগালা করে দেন।

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট জিশান বিন মাজেদ দ্য ডেইলি স্টারকে বলেন, 'ইমাম শরীফ ফিলিং স্টেশনটি বন্ধ করে দেওয়ার জন্য আমাদেরকে চিঠি দিয়েছিল যমুনা অয়েল। সেই চিঠির পরিপ্রেক্ষিতে আমরা অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছি।'

তিনি বলেন, 'চিঠিতে যমুনা অয়েল বলেছে যে ফিলিং স্টেশনটি ডিলারশিপ নিয়ে ব্যবসা করছিল। সম্প্রতি তাদের ডিলারশিপ বাতিল করে যমুনা অয়েল। তবুও প্রতিষ্ঠানটি তেল বিক্রি বন্ধ করেনি।'

'ডিলারশিপ নিয়ে হাইকোর্টে একটি রিট চলমান আছে। রিটের আদেশ পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে,' চিঠিতে বরাত দিয়ে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।