ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর গরু পেলেন সেই জয়নাল মিয়া

নিজস্ব সংবাদদাতা, লালমনিরহাট

বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের ব্যক্তিগত সহায়তায় ১ লাখ টাকা মূল্যের ২টি গরু উপহার দেওয়া হয়েছে তিস্তাপাড়ের সেই কৃষক জয়নাল মিয়াকে।

গত ২০ ফেব্রুয়ারি দ্য ডেইলি স্টার পত্রিকার প্রথম পাতায় হালের বলদ ছাড়াই নিজের ‍২ মেয়েকে নিয়ে জমি চাষরত কৃষক জয়নালের ছবি ছাপা হয়। ওই ছবি দেখে মন্ত্রী ইয়াফেস ওসমান লালমনিরহাটের জেলা প্রশাসককে জয়নাল মিয়ার জন্য গরু কিনতে টাকা পাঠান।

গতকাল বৃহস্পতিবার বিকেলে জয়নাল মিয়ার হাতে গরুগুলো তুলে দেন লালমনিরহাটের জেলা প্রশাসক আবু জাফর। এসময় সেখানে জেলা আ.লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মতিয়ার রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

জেলা প্রশাসক আবু জাফর ডেইলি স্টারকে বলেন, 'এই গরু দিয়ে জয়নাল মিয়া হালচাষ করে জমিতে ফসল ফলাতে পারবেন। এছাড়া জয়নাল মিয়ার ২ মেয়ের পড়াশোনার জন্য জেলা প্রশাসন থেকে আর্থিক সহায়তা দেওয়া হবে'।

farmer.jpg
গত ২০ ফেব্রুয়ারি দ্য ডেইলি স্টারের প্রথম পাতায় ছাপা হওয়া কৃষক জয়নাল মিয়ার ছবি।

গরু পেয়ে খুশি জয়নাল জানান, গরু ২টি তার অনেক উপকারে আসবে। এ ছাড়া তার কষ্টের ছবি পত্রিকায় ছাপানোর জন্য ডেইলি স্টারকে এবং গরু দেওয়ার জন্য মন্ত্রী ইয়াফেস ওসমানের প্রতি কুতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

এ ছাড়া তিস্তা খননের জন্য সরকারের প্রতি আবেদন জানিয়ে এই দরিদ্র কৃষক বলেন, 'হামার তিস্তা নদীটা এ্যাকনা খুড়ি দ্যান। তাতে হামার ম্যালা উপকার হবে। নদীটা খুড়ি দিলে হামরাগুলা শান্তি বাঁচি থাকির পামো। হামরাগুলা জমিজমা চাষবাষ করি চইলবার পামো।'

কৃষক জয়নাল মিয়া লালমনিরহাট সদর উপজেলার তিস্তাপাড়ের কালমাটি এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে। তিস্তা নদীর ভাঙনে আবাদি জমি বসতভিটা হারিয়ে দারিদ্রতার সাথে লড়াই করে পরিবার পরিজন নিয়ে বেঁচে আছেন তিস্তাপাড়ে।