ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর ভাঙা হলো মেয়রের অবৈধ মার্কেট
পটুয়াখালীর কুয়াকাটায় পৌর মেয়র আনোয়ার হোসেনের গড়ে তোলা অবৈধ মার্কেটটি ভেঙে দিয়েছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর।
সওজের অভিযানে গতকাল রোববার দুপুরে দক্ষিণে কুয়াকাটা-ঢাকা মহাসড়কের পাশে সওজের জমিতে গড়ে তোলা মার্কেটের ১৭টি দোকান গুড়িয়ে দেওয়া হয়।
অবৈধ এই মার্কেটটি নিয়ে গত বছর দ্য ডেইলি স্টারে প্রতিবেদন প্রকাশ করা হয়।
পটুয়াখালীর সওজের নির্বাহী প্রকৌশলী মীর মোহাম্মাদ কামরুল হাসান দ্য ডেইলি স্টারকে বলেন, অবৈধ এই মার্কেটটি অপসারণের জন্য ৭ দিন সময় দিয়ে গত বছরের জুন মাসে কুয়াকাটা পৌর মেয়রকে নোটিশ দিলেও তিনি তা অপসারণ করেননি। তাই আমরা ওই অবৈধ স্থাপনাটি অপসারণ করে সরকারি জমি উদ্ধার করেছি।
কুয়াকাটা টিএন্ডটি অফিসের দক্ষিণ পাশের সীমানা দেয়াল ঘেঁষে ১২০ ফুট লম্বা আর ৩০ ফুট প্রস্থের মার্কেট তৈরি করে গত বছর জুন মাসে স্থানীয় ব্যবসায়ীদের কাছে ভাড়া দেন কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন। তিনি প্রতিটি দোকান থেকে ১০ হাজার টাকা নেন বলে জানিয়েছেন দোকানদারেরা।
মার্কেটটি নিয়ে জানতে চাইলে কুয়াকাটা পৌর মেয়র আনোয়ার হোসেন কোনো মন্তব্য করতে রাজি হননি।
