ডেইলি স্টারে সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেল ফারজানা

নিজস্ব সংবাদদাতা, ব্রাহ্মণবাড়িয়া

জন্মগতভাবেই একটি পা না থাকা শিক্ষার্থী ফারজানাকে হুইল চেয়ার এবং তার পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের পক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানার বাড়ির কাছে স্থানীয় বীরগাঁও উচ্চ বিদ্যালয়ে গিয়ে তাকে একটি হুইল চেয়ার এবং তার মায়ের কাছে নগদ ২৫ হাজার টাকা তুলে দেন।

এ সময় নবীনগর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) মো. মোশারফ হোসাইন, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আনিছুজ্জামান এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৭ মার্চ নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের গাজীরকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ফারজানাকে নিয়ে দ্য ডেইলি স্টার একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদন প্রকাশের পর জেলা প্রশাসক মো. শাহগীর আলম ফারজানার জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করেন।

প্রতিবেদনে বলা হয়, জন্মগতভাবেই একটি পা না থাকা ফারজানার দুই হাতের আঙুলগুলোও অপরিপূর্ণ। এক পায়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে আধা কিলোমিটার পথ পাড়ি দিয়ে দরিদ্র পরিবারের এই মেয়েটি লেখাপড়া চালিয়ে যাচ্ছে। প্রতিবন্ধকতাকে হার মানিয়ে জীবনযুদ্ধে টিকিয়ে রেখেছে নিজেকে।

ফারজানার বাবা গাজীরকান্দি গ্রামের বাছির মিয়া মারা গেছেন ৫ বছর আগে। ২ ভাই ও ২ বোনের মধ্যে ফারজানা তৃতীয়। বাবার মৃত্যুর পর থেকে তার মা বীনা বেগম মাছ ধরে এবং অন্যের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করছেন।

হুইল চেয়ার পেয়ে অনেক খুশি হয়েছে ফারজানা। নগদ অর্থ সহায়তা পেয়ে তার মা আনন্দে কেঁদেছেন।

বীনা বেগম বলেন, 'মেয়েটার স্কুলে যেতে অনেক কষ্ট হতো। এই হুইল চেয়ার আমার মেয়েটির কষ্ট দূর করবে এবং চলাচলে সাহায্য করবে। আমরা অনেক খুশি যে আমাদের পাশে কেউ দাঁড়িয়েছে।'

জেলা প্রশাসক মো. শাহগীর আলম দ্য ডেইলি স্টারকে জানান, জেলা প্রতিবন্ধী ফাউন্ডেশনের পক্ষ থেকে এই শিশুটির জন্য একটি হুইল চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া জেলা প্রশাসন পরিচালিত 'ব্রাহ্মণবাড়িয়া ফাউন্ডেশন'- এর পক্ষ থেকে তার পরিবারকে নগদ ২৫ হাজার টাকা দেয়া হয়। শিশুটি প্রতিবন্ধী হওয়ায় প্রশাসনের কর্মকর্তা তার স্কুলে গিয়ে এসব পৌঁছে দিয়েছেন।