ডেনমার্কের রাজকুমারীর ভ্রমণ: ২ দিন সুন্দরবনে প্রবেশে নিষেধাজ্ঞা
ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ সাতক্ষীরার শ্যামনগর ও সুন্দরবন এলাকায় ভ্রমণ করবেন আগামীকাল মঙ্গলবার এবং বুধবার। এ কারণে এই ২ দিন পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জ এলাকায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
পাশাপাশি এই ২ দিন নতুন করে কোনো জেলে, বাওয়ালি কিংবা মৌয়ালও বনে প্রবেশ করতে পারবেন না।
পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান আজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'রাজকুমারী ম্যারি এলিজাবেথের সফরসূচির অংশ হিসেবে সুন্দরবন ভ্রমণ ও বনবিভাগের কর্মকর্তাদের সঙ্গে তার মতবিনিময়ের কথা রয়েছে। তার সার্বিক নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে মঙ্গলবার ও বুধবার সাতক্ষীরা রেঞ্জের সুন্দরবন ভ্রমণে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।'
তিনি আরও বলেন, 'এই ২ দিন বুড়িগোয়ালিনী স্টেশন ও মুন্সিগঞ্জ ফাঁড়ি দিয়ে কাউকে সুন্দরবনে, বিশেষ করে কলাগাছি ও দোবেকি পর্যটক কেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। এ সময়ে জেলে, বাওয়ালি ও মৌয়ালরাও বুড়িগোয়ালিনী স্টেশন দিয়ে সুন্দরবনে ঢুকতে পারবেন না।'
'আগে থেকে যেসব জেলে, বাওয়ালি ও মৌয়াল সুন্দরবনে অবস্থান করছেন, এই ২ দিন আইন প্রয়োগকারী সংস্থা তাদের তদারকিতে রাখবে,' যোগ করেন তিনি।
আগামী বৃহস্পতিবার থেকে এই নিষেধাজ্ঞা উঠে যাবে বলেও জানিয়েছেন তিনি।
সাতক্ষীরা তথ্য অফিস থেকে সরবরাহ করা সফরসূচিতে জানা গেছে, রাজকুমারী ম্যারি এলিজাবেথ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে শ্যামনগর উপজেলায় পৌঁছাবেন। সেখানে মুন্সিগঞ্জ ইউনিয়নের কুলতলী এলাকায় জলবায়ু সহনশীল কৃষি কাজ এবং এরপর সুন্দরবন উপকূলের 'আকাশ লীনা ইকো ট্যুরিজম' ইকোপার্ক পরিদর্শন করবেন।
এ ছাড়াও, জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর বসবাস এলাকায় সাইক্লোন শেল্টার ও বেড়িবাঁধ পরিদর্শন, বাঁধের পাশে বসবাসকারী ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলবেন তিনি।
একই দিন বিকেল ৪টায় ঢাকায় ফেরার কথা রয়েছে তার।