ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর ফ্লাইওভার যান চলাচলে উন্মুক্ত
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোর এলাকায় নির্মিত ফ্লাইওভারটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সোমবার দুপুর সোয়া ২টার দিকে কোনো রকম আনুষ্ঠানিকতা ছাড়াই গাজীপুর সড়ক বিভাগ এটি খুলে দেয়।
গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শরিফুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নাওজোর থেকে কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার পর্যন্ত নিয়মিত দীর্ঘ যানজট লেগে থাকে। ঈদসহ বিভিন্ন উৎসবের ছুটিতে এ জট আরও প্রকট হয়। ঈদ সামনে রেখে যানজট এড়াতে এবং যানজট নিরসনে এটি খুলে দেওয়া হলো।
২০১৯ সাল থেকে এ ফ্লাইওভারের নির্মাণকাজ শুরু হয়। ৫৮ কোটি টাকা ব্যয়ে ৮১৫ মিটারের ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে। ফ্লাইওভারটির কাজ এখনো পুরোপুরি শেষ না হলেও ঈদকে সামনে রেখে যানজট নিরসনের কথা চিন্তা করে খুলে দেওয়া হয়েছে। বাকি কাজগুলো ঈদের পর করা হবে বলেও জানান তিনি।
ফ্লাইওভারটি খুলে দেওয়ার সময় সড়ক বিভাগের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী ও ট্রাফিক বিভাগের কয়েকজন পুলিশ কর্মকর্তা উপস্থিত ছিলেন।