ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ শ্রমিকদের, ৮ কিলোমিটার যানজট

নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ

বকেয়া বেতনের দাবিতে নারায়ণগঞ্জে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৮ কিলোমিটার যানজট তৈরি হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১টা থেকে সদর উপজেলার শিবু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করে রূপসী গার্মেন্টসের কয়েক শতাধিক কর্মী বিক্ষোভ করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান দ্য ডেইলি স্টারকে এ সব তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, দুপুর ১টা পর্যন্ত শ্রমিকরা সড়কে অবস্থান করছেন। সড়ক অবরোধ থাকায় যাত্রীদের ভোগান্তিতে পড়তে দেখা গেছে।

পুলিশ অবস্থান নিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিল।

untitled_design_13.jpg
পুলিশকে শ্রমিকদের সঙ্গে আলোচনা করে সড়ক থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করতে দেখা যাচ্ছে। ছবি: সনদ সাহা/স্টার

ওসি বলেন, 'আমরা শ্রমিকদের সঙ্গে কথা বলে সড়ক থেকে অবরোধ সরিয়ে দেওয়ার চেষ্টা করছি।'

'৩ মাসের বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা এ বিক্ষোভ করছেন। বিষয়টি দ্রুত সমাধানে আমরা মালিকপক্ষের সঙ্গে কথা বলছি,' বলেন তিনি।

শ্রমিকরা জানান, এ মাসের ২০ তারিখে তাদের ২ মাসের বকেয়া বেতন পরিশোধের কথা ছিল। মালিকপক্ষ তখন দেয়নি এবং আজ দেওয়ার কথা জানিয়েছিল।

কিন্তু আজও বকেয়া না দেওয়ায় শ্রমিকরা বিক্ষোভ করেছেন বলে জানান ওই কারখানার বেশ কয়েকজন কর্মী।

তারা বলেন, 'এভাবে ৩ মাসের বেতন বকেয়া হয়ে গেছে। বেতন চাইলে মালিকপক্ষের লোকজন মারধর করে। ছাটাই করে দেয়। আমরা বেতন ছাড়া সড়ক থেকে যাব না। বেতন দিতে হবে।'