ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক
গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোনো কোনো এলাকায় সড়ক কিছুটা ফাঁকা দেখা গেছে। যানবাহনের চাপ নেই।
ভোগড়া বাইপাস থেকে চান্দনা চৌরাস্তা পর্যন্ত কিছু সময় পর পর যানবাহনের চাপ বাড়লেও যানবাহন থেমে নেই।
আজ শনিবার সরেজমিনে দেখা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দনা চৌরাস্তা থেকে কালিয়াকৈর পর্যন্ত যানবাহন চলাচল স্বভাবিক রয়েছে। নবীনগর-চন্দ্রা সড়কের চন্দ্রা ত্রিমোড় এলাকায় মাঝেমধ্যে যানবাহনের চাপ বাড়ছে। ফলে চন্দ্রা অংশে গাড়ি ধীর গতিতে চলছে।
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার পুষ্পদাম রিসোর্ট থেকে গড়গড়িয়া মাস্টারবাড়ী পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় যানবাহন ধীর গতিতে চলছে।
এই রুটের রাজীব পরিবহনের চালক আলমগীর হোসেন জানান, মাস্টারবাড়ী এলাকায় সড়ক পারাপার ও সড়কে গাড়ি থামিয়ে যাত্রী উঠানামা করায় কোনো কোনো সময় যানজট লেগে যাচ্ছে। একই কারণে নয়নপুর বাজার থেকে জৈনা বাজার পর্যন্ত গাড়ি চলছে ধীর গতিতে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, মহাসড়কগুলোতে যান চলাচল নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশের সদস্যরা নিয়োজিত আছেন। যেখানে সড়ক পারাপারের জন্য বা যাত্রী উঠানামার জন্য গাড়ির গতি কমে যাচ্ছে সেখানে ট্রাফিক সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করছেন। এখন পর্যন্ত সড়কের কোথাও যানজট নেই।'