ত্রিপক্ষীয় জলবিদ্যুৎ সহযোগিতায় ভারতের সমর্থন চেয়েছে বাংলাদেশ
বাংলাদেশ, ভুটান ও ভারতের মধ্যে জলবিদ্যুৎ সহযোগিতার ক্ষেত্রে ভারতের সমর্থন চেয়েছে বাংলাদেশ।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান মঙ্গলবার ভারতের বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি মন্ত্রী রাজ কুমার সিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ বিষয়ে সমর্থন চান।
দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বিদ্যুতের নবায়নযোগ্য উৎসের জন্য আঞ্চলিক জলবিদ্যুৎ সহযোগিতার কথা ভাবছে বাংলাদেশ। বাংলাদেশ এর আগে ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে এ বিষয়ে আলোচনা করেছে।
তবে এ উদ্যোগে এখন পর্যন্ত তেমন অগ্রগতি দেখা যায়নি।
আজকের বৈঠকে মোহাম্মদ ইমরান বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যুৎ ও নবায়নযোগ্য জ্বালানি খাতে দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
সাক্ষাতে তারা রামপালে মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্ট চালু এবং ট্রান্সন্যাশনাল পাওয়ার সংযোগ নিয়েও আলোচনা করেন।
এর আগে সোমবার হাইকমিশনার ভারতের রেল, যোগাযোগ এবং ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গেও সাক্ষাৎ করেন।
সে সময় তারা রেলওয়ের অবকাঠামোর উন্নয়ন এবং বাংলাদেশ রেলওয়ের সক্ষমতা বৃদ্ধিসহ রেলওয়ে খাতের বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করেন।
হাইকমিশনার ঢাকা-চট্টগ্রাম রেলপথ, বিশেষ করে আখাউড়া-লাকসাম সেক্টরের মানোন্নয়নের অবস্থা সম্পর্কে মন্ত্রীকে জানান এবং এ বিষয়ে ভারতের সহযোগিতা কামনা করেন।
ভারতীয় পক্ষ লোকোমোটিভ, ডিজেল ইলেকট্রিক মাল্টিপল ইউনিট সরবরাহের জন্য তারা প্রস্তুত আছে বলে জানিয়েছে।
বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার মো. নুরুল ইসলামও উপস্থিত ছিলেন।