দেশ থেকে জঙ্গিবাদের হুমকি এখনো যায়নি: আইজিপি

স্টার অনলাইন রিপোর্ট

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ বলেছেন, দেশ থেকে জঙ্গিবাদের হুমকি এখনো যায়নি। সারা বিশ্ব থেকে এ হুমকি না যাওয়া পর্যন্ত আমাদের দেশেও হুমকি থাকবে।

পুলিশ নীরবে ও সরবে জঙ্গিবাদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের সব সময় জঙ্গিদের বিরুদ্ধে সতর্ক থাকতে হবে।

আইজিপি বলেন, ইসলামের অপব্যাখ্যা দিয়ে অনেকে জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে। এজন্য ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরে কাউন্টার ন্যারেটিভ প্রয়োজন।

আজ রবিবার দুপুরে রাজারবাগে পুলিশ অডিটোরিয়ামে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) সংকলিত 'ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ' শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন আইজিপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

অনুষ্ঠানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, অতিরিক্ত আইজি, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদরা উপস্থিত ছিলেন।

বেনজীর আহমেদ বলেন, সোশ্যাল মিডিয়ায় এখন প্রচুর ইসলামিক কনটেন্ট দেখা যায়। যেখানে কোনো সেন্সর নেই, কোন মডারেটর নেই, কোন ধরনের নিয়ন্ত্রণ নেই। ফলে অজস্র নতুন নতুন তথ্য ঢুকছে। এর কোনটা সঠিক আর কোনটা বেঠিক তা বোঝা মুশকিল। এসবের বিরুদ্ধে ধর্মীয় চিন্তাবিদদের কথা বলতে হবে।

আইজিপি বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলামী চিন্তাবিদরা অজানা কারণে কথা বলতে চান না। যারা ইসলামি চিন্তাবিদ এবং যারা ওয়াজ-মাহফিল করেন তারা জঙ্গিবাদের বিরুদ্ধে কোনো কথা বলেন না।

আইজিপি বলেন, ইসলামকে অপবাদ দিয়ে বলা হয়, এই ধর্মটাই হচ্ছে জঙ্গি। সারা বিশ্বে গত ৪০ বছর ধরে এ ধরনের প্রচারণা চলছে। ইসলামকে সন্ত্রাসের ধর্ম, রক্তপাতের ধর্ম হিসেবে আখ্যায়িত করা হয়েছে। তাদের বিরুদ্ধে কথা বলতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশকে একটি জঙ্গি রাষ্ট্র বানানোর অপচেষ্টা চালানো হয়েছে। আইএস নাম দিয়ে বাংলাদেশকে অচল করার চেষ্টা হয়েছে। শোলাকিয়া ঈদগাহে হামলা করা হলো। ক্রমাগতভাবে হামলা হতে থাকলো। এর মধ্যেই হলি আর্টিজানে হামলা হলো। তিনি বলেন, সারা পৃথিবীর মানুষ বিশেষ করে আমেরিকা বলেছিল বাংলাদেশ শেষ হয়েছে গেছে। সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ কিন্তু ঘুরে দাঁড়িয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র হিসেবে দেখানো ও প্রতিষ্ঠার চেষ্টা করছে তাদের সে চেষ্টা এখনো অব্যাহত আছে। আইন-শৃঙ্খলা বাহিনী সতর্কতার সঙ্গে তা মোকাবেলা করছে। বিশ্বব্যাপী ইসলামকে উগ্রবাদ সন্ত্রাসবাদের ধর্ম হিসেবে আখ্যা দেয়ার চেষ্টা চলছে। তবে সেটি বাংলাদেশে সম্ভব হয়নি। যেখানে সিরিয়াসহ বেশ কয়েকটি ধর্মপ্রাণ মুসলমান দেশ ধ্বংস হয়ে গেছে।

মন্ত্রী বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের স্থান নেই। এটা বিদেশ থেকে ভাড়া করা জিনিস। এদেশের কৃষক-শ্রমিক, সাধারণ জনগণ, আলেম-ওলামা, মসজিদের ঈমাম, শিক্ষকদের সহযোগিতায় সমর্থনে জঙ্গিবাদের বিরুদ্ধে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, সাধারণ মাদ্রাসা, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরাও বুকে ব্যানার লাগিয়ে দাঁড়িয়েছে। তারা বলেছে, আমরা জঙ্গিবাদ চাই না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিবাদের কঠিন পরিস্থিতি মোকাবিলায় সিটিটিসি এবং পরে এন্টি টেররিজম ইউনিট গঠন করা হয়।

তিনি বলেন, বাংলাদেশ যে ধর্মান্ধ রাষ্ট্র নয়, তা সারা পৃথিবীতে প্রমাণ করতে সক্ষম বাংলাদেশ। যে কারণে বাংলাদেশ সিরিয়া, ইরাক, আফগানিস্তানে পরিণত হয়নি। যদিও উস্কানি নিয়ে বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার চেষ্টা চলেছে।

'ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ' শীর্ষক গ্রন্থটি সব ভাষাতেই অনুবাদ করার আহবান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাহলে সবাই বুঝতে পারবে ইসলাম শান্তির ধর্ম; এখানে উগ্রবাদ ও সন্ত্রাসবাদের কোন স্থান নেই।

মাওলানা ফরীদ উদ্দীন মাসুদ বলেন, 'ইসলামের দৃষ্টিতে উগ্রবাদ ও সন্ত্রাসবাদ' গ্রন্থে গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আলোকপাত করা হয়েছে। তিনি গ্রন্থটি পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা এবং ইংরেজি ও আরবি ভাষায় অনুবাদ করে এর বহুল প্রচার করার আহবান জানান।